আইস এজেন্টকে মিনেসোটায় হস্তান্তরে অস্বীকৃতি: টেক্সাসের গভর্নরের বিরুদ্ধে মামলা
আসামি হস্তান্তর না করায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মিনেসোটা। অভিযুক্ত আইস এজেন্ট ক্রিশ্চিয়ান কাস্ত্রোকে বিচারের মুখোমুখি করতে আদালতের জরুরি নির্দেশনা চাওয়া হয়েছে।

গুরুতর হামলা ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত আইস এজেন্ট ক্রিশ্চিয়ান কাস্ত্রোকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবটের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে মিনেসোটা। মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন গত ১৮ আগস্ট ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের ব্রাউনসভিল ট্রাইব্যুনালে এই আবেদন পেশ করেন। মূল লক্ষ্য হলো টেক্সাস থেকে কাস্ত্রোর মিনেসোটায় প্রত্যর্পণ সুনিশ্চিত করা।
মিনেসোটায় কাস্ত্রোর নামে চারটি মারাত্মক ধরনের হামলা ও একটি বানোয়াট অপরাধের রিপোর্ট তৈরির অভিযোগ রয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ জানুয়ারি মিনিয়াপোলিসের এক বসতবাড়িতে হামলা চালিয়ে গুলি বর্ষণ করেন কাস্ত্রো। সে সময় ঘরের ভেতরে থাকা জুলিও সোসা-সেলিস নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই ঘটনাকে কাস্ত্রোর আত্মরক্ষা বলে ব্যাখ্যা করলেও, প্রসিকিউটরদের মতে পরবর্তী অনুসন্ধানে তার দেওয়া বয়ান নিয়ে গভীর সংশয় তৈরি হয়।
চলতি বছরের মে মাসে টেক্সাসের হার্লিঙ্গেন থেকে গ্রেফতারের পর কাস্ত্রোকে ক্যামেরন কাউন্টি কারাগারে স্থানান্তর করা হয়। জুনের গোড়ার দিকেই মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ তাকে নিজ রাজ্যে ফেরত পাঠাতে গ্রেগ অ্যাবটের কাছে দাপ্তরিক চিঠি দেন। তবে দীর্ঘ সময় পার হলেও তাকে হস্তান্তর করা হয়নি।
অ্যাটর্নি জেনারেল এলিসন জানান, নিয়ম অনুযায়ী এ ধরনের আবেদনের পর অভিযুক্তকে হস্তান্তরের তোড়জোড় শুরু করা টেক্সাস প্রশাসনের জন্য আইনি বাধ্যবাধকতা। এমনকি হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি এই হস্তান্তরের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে টেক্সাসের গভর্নরের কাছে চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি।
এলিসন অভিযোগ করেন যে, বিচারিক আদালত অভিযোগগুলোর ক্ষেত্রে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরও অ্যাবট অভিযুক্তকে মিনেসোটায় না পাঠিয়ে জবাবদিহিতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন। এ কারণে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে আবেদন করা হয়েছে, যাতে শেরিফ দফতর কাস্ত্রোকে কারাগার থেকে ছেড়ে না দেয় এবং গভর্নর দ্রুত হস্তান্তরের পরোয়ানায় সই করেন।
আইন অনুযায়ী প্রত্যর্পণের অপেক্ষায় থাকা বন্দিকে টেক্সাস সর্বোচ্চ ৯০ দিন আটকে রাখতে পারে। ফলে আগামী ২৬ আগস্টের মধ্যে কাস্ত্রো টেক্সাস জেল থেকে ছাড়া পেয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মেক্সিকো সীমান্তের কাছাকাছি অবস্থান এবং সেখানে যোগাযোগ থাকায় কাস্ত্রো বিচারে ফাঁকি দিয়ে পালাতে পারেন বলে এলিসন ও মরিয়ার্টি আশঙ্কা প্রকাশ করেন। মরিয়ার্টি স্পষ্টভাবে জানান, গত ৩ জুন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর হস্তান্তর পরোয়ানায় সই করা গভর্নরের আইনি কর্তব্য। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং বিশুদ্ধভাবে আইনের প্রয়োগ।
