এইচ-১বি ভিসায় ১ লাখ ৩ হাজার ডলার ফি যুক্ত করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

কমিউনিটি নিউজ ২৭ আগস্ট ২০২৬ ৪৭০০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি আরোপের নতুন প্রস্তাব এনেছে ট্রাম্প প্রশাসন। এতে সেদেশের প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে বড় ধরনের আর্থিক প্রভাব পড়তে পারে।

এইচ-১বি ভিসায় ১ লাখ ৩ হাজার ডলার ফি যুক্ত করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার অধীনে বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ কর্মী নিয়োগের ওপর ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার সমপরিমাণ নতুন শুল্ক আরোপের খসড়া নিয়ম প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। নিয়মটি চূড়ান্ত হলে মার্কিন যেসব প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতায় কাজ দিতে চায়, তাদের এ বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শুল্কের টাকা দেশের বৈধ অভিবাসন ব্যবস্থাপনা সচল রাখতে ব্যবহার করা হবে। বিশেষ করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ও কেন্দ্রীয় অভিবাসন আদালতের কার্যক্রম পরিচালনায় এসব অর্থ বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, এইচ-১বি কাঠামোর সুযোগ নিয়ে বহু ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের বদলে বিদেশি কর্মীদের কাজ দেওয়া হচ্ছে। দেশীয় কর্মসংস্থান সুরক্ষায় শর্তাবলি কঠোর করতেই বিপুল পরিমাণ এই ফি নির্ধারণের কথা বলা হয়েছে। অতীতেও এই ধরনের বড় অঙ্কের ফি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আদালতের রায়ে তা স্থগিত হয়ে যায়। এবার আইনি জটিলতা এড়াতে নতুন ছকে খসড়া তৈরি করা হয়েছে।

আমেরিকার প্রযুক্তি, চিকিৎসাসেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিদেশি মেধার ওপর দীর্ঘদিন ধরেই বড় নির্ভরতা রয়েছে। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর ওপর বিশাল আর্থিক চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন