কেন্দ্রীয় অর্থ ছাড়াই বিএকিউই মেরামতের উদ্যোগ নিচ্ছেন মেয়র মামদানি

কমিউনিটি নিউজ ২৭ আগস্ট ২০২৬ ৩০৩৫

কেন্দ্রীয় সরকারের অর্থায়ন ও অনুমোদন ছাড়াই ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারে নতুন পরিকল্পনা নিয়েছে নিউ ইয়র্ক সিটি। প্রায় ৪ বিলিয়ন ডলারের এই প্রকল্প ২০৩০ সালে শুরু হয়ে ১০ বছরে শেষ হতে পারে।

কেন্দ্রীয় অর্থ ছাড়াই বিএকিউই মেরামতের উদ্যোগ নিচ্ছেন মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ের (বিএকিউই) জরুরি রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় প্রশাসনের তহবিল বা ছাড়পত্রের জন্য অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে কাজ শুরুর পদক্ষেপ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। ব্রুকলিন হাইটসের নিচে অবস্থিত মারাত্মক ঝুঁকিপূর্ণ ট্রিপল ক্যান্টিলিভার অংশের পুনর্নির্মাণে একটি সংক্ষিপ্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আগামী ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। দীর্ঘ প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া এড়িয়ে দ্রুত কাজ শুরু করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

নগর পরিবহণ কমিশনার মাইক ফ্লিনের মতে, বহু বছর ধরে ঝুলে থাকা এই সংস্কারকাজ বিলম্বিত হলে ভবিষ্যতে বিশাল যানজটের সৃষ্টি হবে এবং আবাসিক এলাকায় অতিরিক্ত গাড়ি প্রবেশের ঝুঁকি বাড়বে। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় এক লাখ ৩০ হাজার যানবাহন চলে, যার মধ্যে ১৩ হাজারই ভারী ট্রাক। সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর সময় থেকেই ক্ষয়ে যাওয়া এই অবকাঠামো পুনর্নির্মাণের আবশ্যকতা নিয়ে আলোচনা চলে আসছিল।

মেয়র মামদানি জানিয়েছেন, নগর প্রশাসন জীর্ণ কংক্রিট ও ক্ষতিগ্রস্ত ক্যান্টিলিভার মেরামত করবে। সেই সঙ্গে কাজের সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক বিকল্প সড়ক নির্মাণ করা হবে, যাতে করে এলাকার স্থানীয় রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ তৈরি না হয়। বিএকিউইর প্রায় দেড় মাইল অংশ সিটির আওতাধীন এবং অবশিষ্ট অংশ পরিচালনা করে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পরিবহন বিভাগ।

এর আগে ২০২৩ সালে তৎকালীন মেয়র এরিক অ্যাডামসের সময়ে এলাকাটি নিয়ে তিনটি সম্ভাব্য নতুন নকশা প্রকাশ করা হয়েছিল। তবে ২০২৪ সালে নগর কর্তৃপক্ষের চাওয়া ৮০ কোটি ডলারের কেন্দ্রীয় অনুদান নাকচ হয়ে যায়। কেন্দ্রীয় তহবিল নিলে রাস্তাটি আরও প্রশস্ত করার বাধ্যবাধকতা থাকত, যা ট্রিপল ক্যান্টিলিভারের বিশেষ গঠনের কারণে করা অসম্ভব ছিল।

নতুন রূপরেখা অনুযায়ী, চার বিলিয়ন ডলার ব্যয়সাপেক্ষ এই প্রকল্পে ফারম্যান স্ট্রিটের ওপর দিয়ে আটলান্টিক অ্যাভিনিউ থেকে কলাম্বিয়া হাইটস হয়ে এবং পরবর্তীতে ব্রুকলিন ও ম্যানহাটন ব্রিজের সংযোগ রক্ষা করে বাইপাস লেন তৈরি করা হবে। সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালে নির্মাণকাজ শুরু হয়ে তা সমাপ্ত হতে এক দশক সময় লেগে যেতে পারে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন