বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়: যোবায়ের
নিউইয়র্কের এক সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসান মাহবুব যোবায়ের বলেছেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
দেশের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা ও দূরদর্শিতার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব যোবায়ের। তিনি মন্তব্য করেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জামাইকা এলাকার মুনা সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
সাবেক ছাত্রনেতা আরমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমাম দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ আল আরিফ, ডা. আতাউল হক ওসমানী, দেলোয়ার মজুমদার ও দোহা আমিনসহ অন্য কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এহসান মাহবুব যোবায়ের বলেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে বুঝে-শুনে পথ চলা উচিত, যাতে কোনো ধরনের বিপদে পড়তে না হয়। সময়ের ক্ষণস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ভুল এড়িয়ে সুচিন্তিতভাবে কল্যাণকর কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি বিদেশে অবস্থান করলেও স্বদেশের কথা ভুলে না যাওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, জুলাইয়ের রাজনৈতিক আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং শহীদ পরিবারগুলোর খোঁজ নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ওই আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের বড় অংশই ছিলেন সাধারণ শ্রমজীবী মানুষ। বর্তমানে তরুণ ও নারী সমাজ যেভাবে এগিয়ে আসছে, তাদের মেধা ও শক্তিকে দেশের কল্যাণমূলক কাজে লাগানোর ওপর তিনি জোর দেন।
সমাবেশে ইমাম দেলোয়ার হোসাইন বলেন, কেবল পার্থিব জীবনের পেছনে না ছুটে পরকালের প্রস্তুতির জন্যও সবাইকে সময় দিতে হবে। জীবনের প্রকৃত সফলতা নিহিত রয়েছে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনে। তাই দৈনন্দিন দায়িত্বের পাশাপাশি দ্বীনের কাজেও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
