মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ ক্রুজ ভ্রমণ অনুষ্ঠিত
আমেরিকার মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের নিয়ে ডেট্রয়েট নদীতে একটি আনন্দদায়ক ক্রুজ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান' এক প্রীতি ক্রুজ ভ্রমণের আয়োজন করে। গত ১৬ আগস্ট ডেট্রয়েট নদীতে আয়োজিত এই সফরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা সানন্দে অংশ নেন। ক্রুজ চলাকালে নদীর দুই পাশের মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রাকৃতিক রূপ উপভোগ করার পাশাপাশি অংশগ্রহণকারীরা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের পুরোনো স্মৃতিকথায় মেতে ওঠেন।
ভ্রমণকালীন এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কাজী এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দের পরিচালনায় এই অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতি রোমন্থন করেন উপদেষ্টা সাহেদুল ইসলাম। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ মঈন বক্তব্য রাখেন এবং উপস্থিত সদস্যবৃন্দ নিজেদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন।
উক্ত পরিচিতি পর্বে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. কামরুল হাসান, এসএম হাসান ইকবাল, অরবিন্দু চৌধুরী মৃদুল এবং সালাহউদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন। পাশাপাশি কার্যনির্বাহী কমিটির সদস্য জিয়াউল আলম চৌধুরী, হোসাইন চৌধুরী, সালাহ উদ্দিন মুরাদ, মো. তাহলীল আজিম, রেজাউল চৌধুরী, রেজাউল আমিন, মোতাকাব্বির শাহিন, আহমেদুর রহমান, মাইকেল মহসিন, নুর উদ্দিন ও জামাল উদ্দিন এতে উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মের মাঝে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্মৃতি তুলে ধরাই ছিল এই সামাজিক আয়োজনের মূল উদ্দেশ্য।
