স্ত্রী রাশমিকাকে প্রশংসায় ভাসালেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা
নতুন সিনেমা 'রণবলী' মুক্তির আগে এক অনুষ্ঠানে স্ত্রী রাশমিকা মান্দানার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। রাশমিকাকে নিজের প্রিয় সহশিল্পী বলেও উল্লেখ করেন তিনি।
দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাদের নতুন সিনেমা 'রণবলী'র মুক্তি ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১৬ অক্টোবর শুক্রবার তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম এবং কন্নড় ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর বড়পর্দায় এটিই তাদের প্রথম যৌথ কাজ। এর আগে তারা 'গীত গোবিন্দম' ও 'ডিয়ার কমরেড' চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই হিসেবে 'রণবলী' এই জুটির ক্যারিয়ারে তৃতীয় চলচ্চিত্র।
চলচ্চিত্রটি মুক্তির আগে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা আবেগপ্রবণ হয়ে রাশমিকাকে তার সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী বলে অভিহিত করেন। তিনি জানান, রাশমিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার কাছে নিজের ঘরে থাকার মতোই আরামদায়ক অনুভূতি দেয়।
সিনেমায় 'জায়াম্মা' চরিত্রের ব্যাপারে বিজয় বলেন, এই রোলে রাশমিকা ছাড়া অন্য কাউকে নেওয়ার কোনো সুযোগই ছিল না এবং তিনি অসাধারণ অভিনয় করেছেন। বিজয়ের মতে, তাদের তৃতীয় সিনেমায় এসে মানুষ ও শিল্পী হিসেবে রাশমিকার কাজের প্রতি যে নিষ্ঠা ও অগ্রগতি দেখা গেছে, তা তাকে সত্যি গর্বিত করে।
