ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, শেখাবেন অভিনয় ও ব্যক্তিত্ব বিকাশ
বলিউড অভিনেতা সালমান খান ‘বিয়িং সালমান খান’ নামে নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি ভক্তদের অভিনয় কৌশল, সংলাপ পরিবেশন ও ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা দেবেন।
নিজের একটি নতুন ইউটিউব চ্যানেল চালু করার ঘোষণা দিয়েছেন বলিউড তারকা সালমান খান। 'বিয়িং সালমান খান' নামের এই প্ল্যাটফর্মে অভিনেতা তাঁর নিজস্ব অভিনয়কৌশল, শারীরিক ভঙ্গি এবং সংলাপ বিনিময়ের নানা দিক অনুরাগীদের সাথে ভাগ করে নেবেন। গত ৯ অক্টোবর শুক্রবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে চ্যানেলের লিংক প্রকাশ করে তিনি এই তথ্য জানান।
সোশ্যাল মিডিয়ায় সালমান উল্লেখ করেন, এটি তাঁর অফিশিয়াল চ্যানেল এবং সেখানে তাঁর বিষয়াদি এ থেকে জেড পর্যন্ত সবকিছুই পাওয়া যাবে। চ্যানেলের প্রাথমিক একটি ভিডিওতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যায়, যেখানে তিনি একাধারে শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকায় ছিলেন। সেখানে নিজের চেনা ভঙ্গি ও পর্দায় উপস্থিতির কৌশল তুলে ধরেন এই তারকা।
বর্তমানে বলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পী ইউটিউবের মাধ্যমে দর্শকদের সাথে যোগাযোগ বজায় রাখছেন। এই তালিকায় বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকারা রয়েছেন।
এদিকে সালমান খান এখন রিয়েলিটি শো 'বিগ বস'-এর ২০তম মৌসুমের উপস্থাপনা করছেন। চলচ্চিত্রে তাঁকে পরবর্তীতে দেখা যাবে অপূর্ব লাখিয়া পরিচালিত 'মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' ছবিতে, যেখানে তাঁর সহশিল্পী চিত্রাঙ্গদা সিং। চলতি বছরের মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও দুই দফায় তা পিছিয়ে দেওয়া হয়, তবে নতুন তারিখ এখনো ঘোষিত হয়নি।
