ইনস্টাগ্রামে সন্দেহজনক ও স্প্যাম অ্যাকাউন্ট চিহ্নিত করে মুছে ফেলার সহজ উপায়
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুরক্ষায় ‘পটেনশিয়াল স্প্যাম’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে। এর সাহায্যে সহজেই অনুসারী তালিকা থেকে ভুয়া বা বট অ্যাকাউন্টগুলো এক ক্লিকে সরিয়ে নেওয়া সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রায়ই ব্যবহারকারীদের অজান্তে ভুয়া বা বট অ্যাকাউন্ট যুক্ত হতে দেখা যায়। মূলত কৃত্রিম সম্পৃক্ততা তৈরি, বিভ্রান্তি ছড়ানো কিংবা প্রতারণামূলক সংযোগ বিস্তারের লক্ষ্যেই এসব স্প্যাম আইডি খোলা হয়। নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে অনুসারীর তালিকা পর্যালোচনা করা প্রয়োজন।
ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে প্ল্যাটফর্মটি ‘পটেনশিয়াল স্প্যাম’ নামের একটি নতুন ব্যবস্থা এনেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে সন্দেহভাজন প্রোফাইলগুলোকে চিহ্নিত করে আলাদা করে রাখে, ফলে সহজেই যাচাই করে সেগুলোকে বাদ দেওয়া যায়।
সন্দেহজনক আইডিগুলো দেখার নিয়ম হলো—প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে গিয়ে প্রোফাইল খুলতে হবে। সেখান থেকে অনুসারীদের তালিকায় গেলে ‘পটেনশিয়াল স্প্যাম’ নামের একটি বিভাগ দেখা যাবে। সেখানে চিহ্নিত সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো দেখে প্রয়োজনীয়গুলো রেখে বাকিগুলো বাতিল করা যাবে।
একযোগে সব স্প্যাম অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে ওই বিভাগে ‘রিমুভ অল স্প্যাম ফলোয়ারস’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘রিমুভ’ বাটনে চাপ দিলে তালিকাভুক্ত সব আইডি একবারে মুছে যাবে। এ ক্ষেত্রে যাঁদের বাদ দেওয়া হবে, তাঁদের কাছে কোনো বিজ্ঞপ্তি যাবে না।
স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকর আইডি শনাক্ত করতে স্প্যাম ফিল্টার সচল রাখা যায়। প্রোফাইলের মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ বিভাগে ঢুকে ‘ফলোয়ারস’ অপশনে যেতে হবে। এরপর ‘ফিল্টার স্প্যাম ফলোয়ার’ অপশনটি চালু করতে হবে। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় এটি আবার বন্ধও করতে পারবেন।
এ ছাড়া ব্যক্তিগত বা প্রাইভেট অ্যাকাউন্ট হলে নির্দিষ্ট অনুসারীর নামের পাশের ‘রিমুভ’ বোতামে চাপ দিয়ে তাঁকে সরিয়ে দেওয়া যায়। এর জন্যও ইনস্টাগ্রাম কোনো বার্তা পাঠায় না।
নিয়মিত অনুসারীর তালিকা পরীক্ষা করা, নিরাপত্তা ফিল্টার সচল রাখা এবং অপরিচিত আইডি সম্পর্কে সতর্ক থাকা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখে। বিশেষ করে যাঁরা ব্যবসায়িক উদ্দেশ্যে বা কনটেন্ট তৈরিতে প্ল্যাটফর্মটি ব্যবহার করেন, তাঁদের জন্য এই বিষয়গুলো অনুসরণ করা জরুরি।
