উর্দুতে পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ছয় মাস প্রস্তুতি নেন লরা রাইট

বিনোদন ২২ আগস্ট ২০২৬ ৪৬২৬

পাকিস্তান দলের জাতীয় সংগীত নির্ভুলভাবে পরিবেশনের উদ্দেশ্যে টানা ছয় মাস উর্দু ভাষা শিখেছেন ইংলিশ গায়িকা লরা রাইট। এর আগে তিনি বাংলায় ভারতের জাতীয় সংগীতও গেয়েছিলেন।

উর্দুতে পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ছয় মাস প্রস্তুতি নেন লরা রাইট

ইংল্যান্ডের হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলা শুরুর আগে সফরকারী দেশের জাতীয় সংগীত গেয়ে বেশ সাড়া ফেলেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি চর্চিত হলেও উর্দু ভাষার এই গানটি নিখুঁতভাবে পরিবেশন করতে নিজের দীর্ঘ অনুশীলনের কথা প্রকাশ করেছেন তিনি।

একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লরা জানান, কোনো দেশের জাতীয় সংগীত পরিবেশনের সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। তবে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে ভাষার ভিন্নতা থাকায় প্রস্তাব গ্রহণের পূর্বে হাতে পর্যাপ্ত সময় আছে কি না তা তিনি ভেবে দেখেন। এই প্রস্তুতির অংশ হিসেবেই পাকিস্তানের জাতীয় সংগীতের শুদ্ধ উচ্চারণ শিখতে টানা ছয় মাস সময় দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে জাতীয় সংগীত গাওয়ার অভিজ্ঞতা থাকা এই শিল্পী আরও জানান, ২০২৫ সালে ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজের সময় তিনি বাংলায় 'জনগণমন' গানটি পরিবেশন করেছিলেন। প্রথমবার ভারতের জাতীয় সংগীত গাওয়ার সময় জীবনে সবচেয়ে বেশি মানসিক চাপে ছিলেন বলে উল্লেখ করেন লরা। তিনি জানান, শাস্ত্রীয় সংগীত পড়ার কারণে ইউরোপীয় ভাষাগুলো সম্পর্কে ধারণা থাকলেও এশীয় অঞ্চলের ভাষাগুলো আয়ত্ত করা চ্যালেঞ্জিং। তাই সঠিক উচ্চারণ, লয় ও অর্থ বুঝতে একাধিক ব্যক্তির পরামর্শ নিয়ে দীর্ঘদিন শুনে শুনে চর্চা করতে হয়েছিল তাঁকে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন