এআই প্রযুক্তিতে ছবি বিকৃতির বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী শ্রিয়া সরণ

বিনোদন ১৪ অক্টোবর ২০২৬ ৪৭৩৭

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে ছবি বিকৃতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রিয়া সরণ। তিনি জানান, এআই-এর সুফলের পাশাপাশি এটি নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।

এআই প্রযুক্তিতে ছবি বিকৃতির বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী শ্রিয়া সরণ

জাহ্নবী কাপুরের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বিকৃত ছবির শিকার হয়েছেন ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী শ্রিয়া সরণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিনোদন জগতের তারকাদের ছবি ও ভিডিও কুরুচিপূর্ণ কনটেন্টে রূপান্তর করার প্রবণতা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বেশ কিছু ছবি বিকৃত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের অশ্লীলতার শিকার মূলত নারীরাই বেশি হন, যার ফলে নেটদুনিয়ায় নারীদের শরীর নিয়ে আপত্তিকর আলোচনা শুরু হয়।

অভিনেত্রী আরও জানান, অনেক সময় নিজের পরিবর্তিত রূপ দেখে চেনা কঠিন হয়ে পড়ে এবং বিষয়টি একই সঙ্গে অদ্ভুত ও অত্যন্ত বিরক্তিকর। তার মতে, ছবিতে শরীরের বিভিন্ন অংশ ও পোশাকের পরিবর্তন ঘটিয়ে বিকৃতি ঘটানো হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করলেও এমন আচরণ বেশ উদ্বেগজনক।

প্রযুক্তির প্রভাব সম্পর্কে শ্রিয়া বলেন, এআই-এর যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি এটি অনেক কিছু আমূল বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। ফলে ভবিষ্যতে নানা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। যেকোনো নতুন প্রযুক্তির ক্ষেত্রে সময়ের সাথে মানিয়ে নেওয়া অথবা এর বিরুদ্ধে লড়াই করাই একমাত্র উপায় বলে তিনি মনে করেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন