কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল যশের সিনেমা ‘টক্সিক’
সহিংসতা ও নানা বিতর্কের মাঝেও কোনো দৃশ্য কাটছাঁট ছাড়াই প্রাপ্তবয়স্কদের দেখার উপযোগী সনদ পেয়েছে যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। আগামী ২৬ আগস্ট ছবিটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কন্নড় তারকা যশ অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ অবশেষে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সবুজ সংকেত পেয়েছে। সিনেমাটিতে সহিংস উপাদান থাকা সত্ত্বেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) মূল গল্পের কোনো দৃশ্য না কেটে এটিকে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের উপযোগী হিসেবে ছাড়পত্র দিয়েছে।
সিবিএফসির দেওয়া তথ্যমতে, কন্নড় ও ইংরেজি—এই দুই ভাষায় নির্মিত ৩ ঘণ্টা ১২ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি কোনো দৃশ্য বাদ ছাড়াই সেন্সর ছাড়িয়েছে। তবে কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ পরিবর্তন অথবা মিউট করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এর ইংরেজি সাবটাইটেল সংশোধন এবং পুরো ছবিজুড়ে ধূমপান ও মদ্যপানের বিরুদ্ধে সতর্কবার্তা প্রদর্শনের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
সহিংসতা ও সংবেদনশীল বিষয়ের কারণে ছবিটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল; যুক্তরাজ্যেও সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত করা হয়েছে। এর আগে এক অনুষ্ঠানে অভিনেতা যশ জানিয়েছিলেন যে, 'বড়দের জন্য এক রূপকথা' ট্যাগলাইনের এই চলচ্চিত্রটি মূলত বড়দের জন্যই নির্মিত, তাই শিশুদের এটি দেখতে প্রেক্ষাগৃহে না যাওয়াই ভালো।
গীতু মোহনদাসের পরিচালনায় তৈরি ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত। সব উত্তেজনা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।
