চিন্ময় কৃষ্ণের মুক্তি ও সনাতনীদের নিরাপত্তার দাবিতে কলকাতায় স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক ৪ অক্টোবর ২০২৬ ৩০৩৫

কলকাতায় বাংলাদেশ মিশন অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি দিয়েছে ভারতের দুটি সংগঠন। তারা বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অবিলম্বে মুক্তি দাবি করেছে।

চিন্ময় কৃষ্ণের মুক্তি ও সনাতনীদের নিরাপত্তার দাবিতে কলকাতায় স্মারকলিপি প্রদান

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারামুক্তির দাবিতে শনিবার ভারতের কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও অভিযানের চেষ্টা করা হয়। 'বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান' ও 'ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া' (এনসিপিআই)—এই দুই সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচি ঘিরে মিশন সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়।

এ দিন শিয়ালদহ রেল স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যেখানে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের এক শতের বেশি সন্ন্যাসী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সদস্য অংশ নেন। মিছিলটি মিশন অভিমুখে এগোতে থাকলে এর ৩০০ গজ আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথরোধ করে। আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড সরিয়ে সামনে বাড়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এর ফলে আশেপাশের সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীকালে মিশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধির একটি দল ভেতরে প্রবেশ করে স্মারকলিপি পেশ করার সুযোগ পায়। উক্ত স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দ্রুত মুক্তির আহ্বান জানানো হয়। স্মারকলিপি হস্তান্তরের পর বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যান।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন