ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে একই মঞ্চে জেমস ও হাসান
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের উৎসব ‘রক এন রিদম ৫.০’। এতে দীর্ঘদিন পর একই মঞ্চে গান পরিবেশন করবেন জেমস ও হাসান।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আগামী ১৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের বড় আয়োজন ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’। এতে নব্বইয়ের দশকের গানের স্মৃতি ফিরিয়ে আনতে দীর্ঘ সময় পর একই মঞ্চে গাইবেন নগরবাউলের জেমস এবং আর্কের হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন জানিয়েছে, জেমস ও হাসানের পাশাপাশি এতে দেশের খ্যাতনামা ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য পারফর্ম করবে। এছাড়া ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনার পাশাপাশি একক গিটারে মঞ্চ মাতাবেন ওনি হাসান। এতে একে রাহুলেরও সংগীত পরিবেশন করার কথা রয়েছে।
আয়োজকরা জানান, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক ছাড়পত্র পাওয়া গেছে। গত ১২ অক্টোবর থেকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে আগাম প্রবেশপত্র বিক্রি শুরু হয়েছে, যার মূল্য ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
