নৈতিক মূল্যবোধের কারণে হলিউডের সুযোগ ফিরিয়েছেন সারিমাহ ইব্রাহিম
পর্দায় নৈতিকতা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘনিষ্ঠ দৃশ্য এড়াতে হলিউডের একাধিক লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী চে পুয়ান সারিমাহ ইব্রাহিম।
ব্যক্তিগত নৈতিকতা ও মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বড় কাজের সুযোগ ফিরিয়ে দিয়েছেন মালয়েশিয়ার টেলিভিশন ব্যক্তিত্ব ও অভিনেত্রী চে পুয়ান সারিমাহ ইব্রাহিম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে ৪৮ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক বিনোদন জগতে কাজের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মালয়েশিয়ার আরেক অভিনেত্রী শারিফাহ হানিসিয়াকে পরামর্শ দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, নেটফ্লিক্সের প্রশংসিত সিরিজ ‘ওয়েনসডে’-র সংক্ষিপ্ত তালিকায় তিনি অন্তর্ভুক্ত ছিলেন। তবে দৃশ্যপটে অত্যন্ত ঘনিষ্ঠ চুম্বনের শর্ত থাকায় তিনি কাজটি নাকচ করে দেন।
অভিনেত্রী আরও জানান, নিকোল কিডম্যানের আলোচিত ধারাবাহিক ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জারস’-এ অভিনয়ের সুযোগ আসলেও বিকিনি পরিধান ও ঘনিষ্ঠ দৃশ্যের বাধ্যবাধকতার কারণে সেখানেও না বলতে হয়েছিল। সারিমাহ মনে করেন, কাজের অভাব বা প্রতিভার ঘাটতি নয়, বরং নিজস্ব নৈতিক মানদণ্ড বজায় রাখাই তাদের প্রধান অগ্রাধিকার। মূল সারির হলিউড তারকা না হওয়ায় বিকল্প কোনো অভিনয়শিল্পী বা ‘বডি ডাবল’ ব্যবহারের সুযোগও এসব ক্ষেত্রে থাকে না।
অন্যদিকে গত ৭ অক্টোবর মালয়েশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশ পায় যে, এই অভিনেত্রী বর্তমানে একটি অনলাইন স্বাস্থ্য বিষয়ক গবেষণামূলক পাঠ্যক্রমে ভর্তি হয়েছেন। হার্ভার্ড মেডিকেল স্কুলের নারী স্বাস্থ্য সম্পর্কিত এক বছরের কোর্সটিকে তিনি নিজের অভিনয় সমৃদ্ধ করার অন্যতম মাধ্যম হিসেবে দেখছেন। তার মতে, মনস্তত্ত্ব, মানুষের আচরণ ও ট্রমা সংক্রান্ত জ্ঞান পর্দায় যেকোনো চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
