বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এ২৭ ৫জি ফোন আনল স্যামসাং
কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ফিচারে সমৃদ্ধ নতুন ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন দেশের বাজারে ছেড়েছে স্যামসাং। ৪৮,০৯৯ টাকা শুরুর মূল্যের এ ফোনে ৬ বছরের সিকিউরিটি আপডেট ও ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানোর সুবিধা আছে।

বাংলাদেশের ক্রেতাদের কাছে স্যামসাং তাদের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। আকর্ষণীয় ও পাতলা গড়নের এই হ্যান্ডসেটটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত তথ্য সংরক্ষণের ক্ষমতা। তিনটি ভিন্ন বর্ণে পাওয়া যাওয়া এ ডিভাইসের প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৯৯ টাকা।
ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ডিভাইসটির বডি বেশ সরু ও হালকা করা হয়েছে। এর প্রাণবন্ত পর্দা বই পড়া, ভিডিও দেখা কিংবা সাধারণ ব্রাউজিংয়ে স্বস্তিদায়ক অনুভূতি দেবে। পাশাপাশি দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও মেমোরির কল্যাণে কোনো রকম ল্যাগ ছাড়াই গেম খেলা ও ভিডিও কলে যোগাযোগ রাখা সম্ভব।
হ্যান্ডসেটটিতে ১২৮ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ সুবিধা রয়েছে। আর যাঁদের বাড়তি মেমোরি প্রয়োজন, তাঁরা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে জায়গা বাড়িয়ে নিতে পারবেন সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত। ফলে ছবি, ভিডিও ও দরকারি ফাইল অনায়াসে রাখা যাবে।
দৈনন্দিন ব্যবহারকে সহজ করতে এতে ‘অসাম ইন্টেলিজেন্স’ সুবিধার পাশাপাশি যুক্ত হয়েছে গুগল জেমিনাই। এই এআই টুল প্যাকেজের সাহায্যে দ্রুত তথ্য অনুসন্ধান, ছবি সম্পাদনাসহ নানা তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে।
দীর্ঘমেয়াদে নিশ্চিন্তে ব্যবহারের জন্য ডিভাইসটিতে ৬ জেনারেশন পর্যন্ত ওএস হালনাগাদ এবং ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেটের সুবিধা দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্যামসাংয়ের নিজস্ব ‘নক্স সিকিউরিটি’ তো থাকছেই।
কালো, হালকা সবুজ ও হালকা গোলাপি—এই তিন রঙে দেশের সর্বত্র অবস্থিত সব অনুমোদিত আউটলেট ও পার্টনারদের দোকানে গ্যালাক্সি এ২৭ ৫জি পাওয়া যাচ্ছে।
