মিস ইউনিভার্স পাকিস্তানে জয়ী মিসবাহ আরশাদ, অংশ নেবেন মূল আসরে
ফিলিপাইনে আয়োজিত অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ মুকুট জয় করেছেন মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ আরশাদ। এর মাধ্যমে তিনি পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন।
ফিলিপাইনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ নির্বাচিত হয়েছেন মিসবাহ আরশাদ। চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে তিনি আগামী আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। জমকালো এই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী জশ ইউগেন বিজয়ী মিসবাহকে অফিশিয়াল স্যাশ পরিয়ে দেন। এরপর পূর্ববর্তী বছরের বিজয়ী রোমা রিয়াজ বিজয়ী মিসবাহর মাথায় মুকুট পরিয়ে দেন।
মনোবিজ্ঞান বিষয়ের ছাত্রী মিসবাহ চূড়ান্ত পর্বের প্রশ্নোত্তরে বিচারকদের মন জয় করেন। বিচারকমণ্ডলীর সদস্য, ফিলিপিনো অভিনেতা ও গায়ক বেইলি মে তাকে প্রশ্ন করেছিলেন, তার ১০ ও ৮০ বছর বয়সের দুটি রূপ যদি একই কক্ষে মুখোমুখি হয়, তবে কার প্রশ্নটি মোকাবিলা করা বেশি কঠিন হবে। জবাবে মিসবাহ জানান, তার শৈশবের ১০ বছর বয়সি রূপটির প্রশ্নই সবচেয়ে জটিল হবে, কারণ সে জানতে চাইবে বড় হওয়ার পর তার জীবন কেমন কেটেছে।
মিসবাহ উল্লেখ করেন, তিনি তার শৈশবের রূপকে বলবেন যে জীবনে বহুবার ব্যর্থতার মুখোমুখি হলেও তিনি প্রতিবারই নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছেন। জীবনের এই সুন্দর প্রক্রিয়াটিকে কেবল গ্রহণ করাই নয়, বরং উপভোগ করা উচিত উল্লেখ করে তিনি বলেন, আগুন যত উত্তপ্ত হয়, সোনা তত খাঁটি হয়।
বৈশ্বিক প্রতিযোগিতায় মিসবাহর অংশগ্রহণ এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে জাপানে আয়োজিত ‘মিস ইন্টারন্যাশনাল’ এবং ২০২৪ সালে পোল্যান্ডের ‘মিস সুপ্রান্যাশনাল’ আসরেও তিনি পাকিস্তানের হয়ে অংশ নেন। নিজের দীর্ঘ পথচলা নিয়ে তিনি মন্তব্য করেন, কেবল ব্যর্থতা দিয়ে বিজয়ী নির্ধারণ করা সম্ভব নয়, বরং আশা ধরে রাখা এবং প্রতি পদক্ষেপে নিজেকে উন্নত করাই আসল বিষয়। তিনি মনে করেন, মুকুট জয়ের চেয়েও এই পথচলার শিক্ষা এবং মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই তার প্রধান পুরষ্কার।
পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্সের চূড়ান্ত আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিসবাহ। ২০২৩ সালে যাত্রা শুরু করা মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির প্রথম প্রতিযোগী এরিকা রবিন এল সালভাদরে ‘টপ ২০’-এ স্থান করে নিয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালে মেক্সিকোতে নূর জারমিনা এবং ২০২৫ সালে রোমা রিয়াজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। পরবর্তী সময়ে রোমা রিয়াজ জাতীয় পরিচালকের দায়িত্ব নিয়ে নতুন প্রতিযোগীদের প্রশিক্ষণের কাজ শুরু করেন।
