রাজনৈতিক বিক্ষোভে অংশ নেয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিনোদন ১৫ অক্টোবর ২০২৬ ২৮৫০

ভারতে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মার্কিন নাগরিক ও অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।

রাজনৈতিক বিক্ষোভে অংশ নেয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার আদেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনার পর মুম্বাই পুলিশ এই নোটিশ জারি করে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান খান। তার সঙ্গে তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও বোন জেইন মেরি খান উপস্থিত ছিলেন। সমাবেশস্থল থেকে পুলিশ তাদের তিনজনকে আটক করে। মূলত মার্কিন নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা কিরিট সোমাইয়া বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একজন বিদেশী নাগরিক হয়ে স্থানীয় রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়ার সমালোচনা করে তিনি ইমরানের নাগরিকত্ব পরীক্ষার দাবি জানান এবং তাকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১১ সালের এক সাক্ষাৎকারে ইমরান নিজেই তার মার্কিন পাসপোর্টের বিষয়টি নিশ্চিত করেছিলেন। সে সময় তিনি জানান যে, তিনি ভারতীয় পাসপোর্টের আবেদন করেছেন এবং ভোট দিতে না পারলেও এই দেশের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন। সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে নয়, বরং শহরের একজন সাধারণ অধিবাসী হিসেবেই তিনি সেখানে যুক্ত হয়ে বাক স্বাধীনতা ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলেছেন। আটক হয়ে পুলিশ ভ্যানে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেও তিনি বিষয়টিকে হালকা চালে উপস্থাপন করেছিলেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন