ষাটের দশকের খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের প্রয়াণ

বিনোদন ১২ অক্টোবর ২০২৬ ৪৭৭৪

ষাটের দশকের খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

ষাটের দশকের খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের প্রয়াণ

বাংলা ও উর্দু চলচ্চিত্রের ষাটের দশকের বিশিষ্ট অভিনেত্রী নাসিমা খান আর নেই। গত ১১ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান এই প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন।

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্ম গ্রহণ করা এই অভিনেত্রীর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামের উকিলবাড়িতে। তার বাবা মোহাম্মদ মাসুদ খান এবং পিতামহ ছিলেন ব্রিটিশ আমলের ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আবদুল জলিল। ১৯৪০-এর দশকে পরিবারটি লালবাগে বসতি স্থাপন করে। তৎকালীন অভিনেতা আনিসের অনুপ্রেরণায় তিনি রূপালী জগতে আসেন।

১৯৫৯ সালে এ জে কারদার নির্মিত ও আন্তর্জাতিকভাবে পুরস্কৃত 'জাগো হুয়া সাভেরা' ছবির মাধ্যমে নাসিমা খানের বড় পর্দায় অভিষেক হয়। একই বছর বেবী ইসলামের উর্দু চলচ্চিত্র 'তানহা'তেও কাজ করেন তিনি। এরপর ১৯৬১ সালে 'যে নদী মরু পথে' ছবির মধ্য দিয়ে প্রধান নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। দীর্ঘ অভিনয় জীবনে তিনি 'সূর্যস্নান', 'ধারাপাত', 'কার বউ', 'উজালা', 'বেগানা', 'আপন দুলাল', 'উলঝন', 'ম্যায় ভি ইনসান হু', 'দুই ভাই', 'গৌরী', 'আমার বৌ' ও 'ঢেউয়ের পরে ঢেউ'-এর মতো বেশ কিছু স্মরণীয় চলচ্চিত্রে অভিনয় করেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন