স্পটিফাইয়ের নতুন ফিচার: পছন্দের গানে যুক্ত করা যাবে ব্যক্তিগত স্মৃতিময় নোট
জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই চালু করেছে 'ইউজার নোটস' ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের প্লেলিস্টের সঙ্গে নিজস্ব বার্তা বা বিশেষ স্মৃতি লিখে রাখতে পারবেন।

পছন্দের গানের তালিকায় নিজের ব্যক্তিগত অনুভূতি কিংবা স্মৃতি লিখে রাখার সুযোগ নিয়ে এসেছে গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি গানের পাশাপাশি নিজেদের বিশেষ মুহূর্তের কথা লিখে সংরক্ষণ করতে পারবেন, যা প্লেলিস্টকে ব্যক্তিগত ডায়েরির রূপ দেবে।
গানটির সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা, অনুভূতি বা বার্তা লিখে রাখার এই সুবিধা বন্ধুদের সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার ক্ষেত্রে পুরোনো দিনের ক্যাসেট বা সিডির মিক্সড টেপের মতো নিজস্ব অনুভূতি ফুটিয়ে তুলবে। এতদিন অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গান সুপারিশের ওপর প্রাধান্য দিলেও, স্পটিফাই এবার ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর জোর দিচ্ছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিনামূল্যে ও প্রিমিয়াম উভয় স্তরের ১৬ বছর বা তার বেশি বয়সী গ্রাহকেরা এই সুবিধাটি পাবেন। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু এলাকায় চালু হলেও পর্যায়ক্রমে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।
