সমবায় খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

বাংলাদেশ ৮ নভেম্বর ২০২৬ ৩১০৯

রাজধানীতে ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সমবায় খাতে দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভঙ্গুর অর্থনীতি সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সমবায় খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। সমবায় অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সমবায় খাতের উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠান শেষে এই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন যে, সমবায় কেবল পণ্য উৎপাদন বা ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি গ্রামীণ অর্থনীতির প্রসার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য দূরীকরণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত। দেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সমবায়কে একটি কার্যকর মাধ্যমে পরিণত করার কথা বলেন তিনি।

নিজের শৈশবের স্মৃতি উল্লেখ করে তিনি জানান, অতীতে ঠাকুরগাঁওয়ের মতো ছোট মহকুমা শহরেও সমবায় উদ্যোগগুলো অত্যন্ত সক্রিয় ছিল। সেখানে সমবায় ভবন, হিমাগার ও নিজস্ব মার্কেট ছিল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এর সঙ্গে জড়িত ছিলেন। তবে সময়ের আবর্তে সেই উদ্দীপনা ও প্রাণবন্ত চিত্র অনেকটাই মলিন হয়ে গেছে।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতির কারণে নিষ্ক্রিয় হয়ে পড়া সমিতিগুলোকে পুনরুজ্জীবিত করতে সমবায় ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি কায়েমের তাগিদ দেন তিনি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন