অবৈধ লেনদেনে হাওয়ালা ও অনানুষ্ঠানিক ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি, এফএটিএফের উদ্বেগ

আন্তর্জাতিক ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৭০০

বিশ্বজুড়ে বেআইনি কাজে অনানুষ্ঠানিক অর্থ লেনদেন ব্যবস্থার ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে এফএটিএফ। সংস্থাটি পেশাদার অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অবৈধ লেনদেনে হাওয়ালা ও অনানুষ্ঠানিক ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি, এফএটিএফের উদ্বেগ

আন্তর্জাতিক আর্থিক অপরাধ ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে নিয়োজিত সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) এক প্রতিবেদনে জানিয়েছে, অনানুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার বিশ্বজুড়ে মারাত্মক আকার ধারণ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই পর্যালোচনায় বলা হয়, অপরাধীরা এখন প্রথাগত ব্যাংকের বিকল্প হিসেবে হাওয়ালার মতো অর্থ হস্তান্তর এজেন্টদের ওপর বেশি নির্ভর করছে।

প্রতিবেদন অনুযায়ী, অতীতে কেবল মাদক ব্যবসা ও চোরাচালানের নগদ অর্থ খালাস করতে এসব নেটওয়ার্ক ব্যবহৃত হতো। তবে বর্তমানে সাইবার অপরাধ, জালিয়াতি, অবৈধ জুয়া, আন্তর্জাতিক অপরাধচক্র এবং সন্ত্রাসে অর্থ যোগানের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হচ্ছে।

এফএটিএফের সদস্য দেশগুলোর তথ্যানুযায়ী, আইনজীবী, হিসাবরক্ষক, নিরীক্ষক, রিয়েল এস্টেট এজেন্ট ও নানা খাতের পরামর্শকরা এই অবৈধ অর্থ পাচার সহজতর করতে ভূমিকা রাখছেন। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি, এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যম এবং ফিনটেকের মতো আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই অনানুষ্ঠানিক নেটওয়ার্কগুলো আগের চেয়ে অনেক দ্রুত, গোপনীয় ও শক্তিশালী হয়ে উঠেছে।

সংস্থাটি জানিয়েছে, বর্তমানে আন্ডারগ্রাউন্ড ব্যাংকিং ও হাওয়ালানির্ভর অর্থ পাচার প্রক্রিয়াটি প্রায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো অত্যন্ত সুসংগঠিত রূপ নিয়েছে। এই আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সরকারি ও কর্পোরেট পর্যায়ে সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন