অবৈধ সম্পদ অর্জন: পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ১৫ অক্টোবর ২০২৬ ২৮৫০

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন: পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

অসৎ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা পরিশোধ না করলে অতিরিক্ত ছয় মাস জেল খাটতে হবে। এ ছাড়া তার অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার অবৈধ সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমী। আসামি সিয়াম পিএসসির প্রশ্নফাঁস ঘটনায় আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক আবেদ আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। তদন্ত সম্পন্ন করে একই বছরের ৩০ ডিসেম্বর তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন, যেখানে ৩১ লাখ ৮১ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য উল্লেখ করা হয়।

গত ১৭ জুন আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন। মামলা চলাকালে আদালত মোট ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন