আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ইতিবাচক আলোচনা অর্থমন্ত্রীর
আইএমএফের সাথে নতুন ঋণ সহায়তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যাংকিং খাত ও সামষ্টিক অর্থনীতি সংস্কারে বিশ্বসংস্থাগুলোর সাথে সরকার কাজ করতে আগ্রহী।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে বাংলাদেশের প্রস্তাবিত নতুন ঋণ সহায়তার বিষয়ে অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী জানান, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও দেশের অর্জন নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে।
বৈঠকে ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কার, ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অর্থমন্ত্রী জানান, গত কয়েক দিনে কারিগরি প্রতিনিধি দলের বিস্তারিত আলোচনার ভিত্তিতেই এই শীর্ষ বৈঠক আয়োজিত হয়েছে। কর ব্যবস্থা এবং ব্যাংক খাতের কিছু বিষয়ে আইএমএফের বিশেষ পর্যবেক্ষণ থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধানের আশা করছে সরকার।
বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কেবল ঋণের জন্য নয়, বরং অর্থনৈতিক উন্নয়নে এসব বিশ্বসংস্থার সাথে দীর্ঘমেয়াদী অংশীদারত্ব বজায় রাখা প্রয়োজন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফ ও বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
