আগামী সোমবার মন্ত্রিসভায় উঠছে নবম পে স্কেল, পাসের পরই প্রজ্ঞাপন

বাংলাদেশ ২৮ আগস্ট ২০২৬ ৪৫৮৯

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদনের জন্য আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে। সেদিন সায় পেলে পরবর্তী বৃহস্পতিবারের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠছে নবম পে স্কেল, পাসের পরই প্রজ্ঞাপন

সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের প্রস্তাব আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হতে পারে। ওই দিন অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। নতুন এই বেতন কাঠামোর যাবতীয় বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তবে চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির নির্দিষ্ট হার বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন অর্থ বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে। গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানান, বেতন কমিশন সংক্রান্ত কাজ শেষ হলে প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে এবং অনুমোদন সাপেক্ষে প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে, যেখানে প্রথম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই সুপারিশ দুই ধাপে কার্যকর হতে পারে; প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা বাস্তবায়নের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন-গ্র্যাচুইটিসহ সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। জাকির আহমেদ খান কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে, যেখানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়। এর আগে গত ১১ জুন বাজেটে অর্থমন্ত্রী জানান, দীর্ঘ ১১ বছর ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় মূল্যস্ফীতি বিবেচনায় ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন স্কেল বাস্তবায়ন করা হবে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন