নেপালে বন্যায় মৃত নারীর গয়না চুরি, ছড়িয়ে পড়া ভিডিওর জেরে গ্রেপ্তার
নেপালে আকস্মিক বন্যায় এক মৃত নারীর কান থেকে দুল চুরির ভিডিও ছড়াতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের হেফাজতে নিয়েছে দেশটির পুলিশ।

নেপালে সাম্প্রতিক আকস্মিক প্লাবনে চরম বিপর্যয়ের মধ্যে এক মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বন্যায় প্রাণ হারানো এক নারীর লাশ টেনে নিয়ে যাওয়ার সময় তাঁর কান থেকে দুল খুলে সরিয়ে রাখছেন দুই ব্যক্তি। সেখানে উপস্থিত বেশ কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে পুরো বিষয়টি ধারণ করছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ইন্টারনেটে তীব্র নিন্দার ঝড় ওঠে। পরবর্তীতে নেপাল পুলিশ এক্স-এ এক বার্তায় জানায়, মৃতদেহ থেকে অলঙ্কার চুরির ঘটনায় যুক্ত ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে।
চলতি সপ্তাহের সূচনায় নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে ঘটে যাওয়া আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা ৪৬৯ জনে পৌঁছেছে। এই দুর্যোগে অন্তত ১ হাজার ৪৬৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছেন। নিখোঁজদের মধ্যে তিন শতাধিক ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।
প্লাবনের তোড়ে সড়ক পথ ও একাধিক সেতু ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপুল কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছাতে চরম বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। এর মধ্যে একটি বেরিয়ার লেক তৈরি হওয়ায় প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। পানি পূর্ণ এই হ্রদটি ভেঙে গেলে নতুন করে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
