আচার দীর্ঘদিন ভালো রাখতে তেঁতুলের কার্যকারিতা ও ব্যবহারের সঠিক নিয়ম
কৃত্রিম প্রিজারভেটিভ ছাড়াই আচার দীর্ঘদিন ভালো রাখতে ও স্বাদ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে তেঁতুল। প্রাকৃতিক টারটারিক অ্যাসিডযুক্ত এই উপাদানটি পচন ও ছত্রাক রোধ করে।

সব বয়সী মানুষের কাছেই নানা স্বাদের আচার অত্যন্ত পছন্দের। তবে এটি দীর্ঘ সময় ছত্রাকমুক্ত রাখা এবং এর আসল স্বাদ-গন্ধ টিকিয়ে রাখা বেশ কঠিন, বিশেষ করে বর্ষাকালে। সাধারণত আচারের স্থায়িত্ব বাড়াতে ভিনেগার বা রাসায়নিক ব্যবহার করা হয়। অথচ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটি ভালো রাখার সেরা সমাধান হতে পারে তেঁতুল।
তেঁতুলে থাকা প্রাকৃতিকভাবে প্রচুর টারটারিক অ্যাসিড অম্লীয় পরিবেশ তৈরি করে। এমন পরিবেশে ফাঙ্গাস ও ক্ষতিকর জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। ফলে আর্দ্রতা থাকলেও এটি পচন প্রতিরোধে প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। পাশাপাশি আম, জলপাই বা আমলকির ভেতরের অতিরিক্ত তরল দূর করে আচারকে ঘন ও টেক্সচারযুক্ত করে তোলে তেঁতুলের ক্বাথ।
যেকোনো মিষ্টি কিংবা ঝাল আচারে তেঁতুল যোগ করলে টক, ঝাল ও মিষ্টির একটি দারুণ ভারসাম্য তৈরি হয়। এটি আচারে একটি গাঢ় ও চকচকে আকর্ষণীয় চেহারাও এনে দেয়।
আচারে ব্যবহারের জন্য তাজা তেঁতুলের চেয়ে কিছুটা পুরোনো এবং গাঢ় রঙের তেঁতুল বেছে নেওয়া বেশি ফলপ্রসূ। পানির বদলে সামান্য সিরকায় ভিজিয়ে আঁশ ও বিচি ছেঁকে নিয়ে এর ক্বাথ তৈরি করতে হবে। কাঁচা পানিতে আচার দ্রুত নষ্ট হয়, তাই পানির ছোঁয়া এড়িয়ে চলতে হবে।
মসলা কষানোর সময় বা আচার নামানোর ১৫ মিনিট আগে এই ক্বাথ মিশিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে অতিরিক্ত আর্দ্রতা শুকিয়ে নিতে হবে। দেশীয় এই ঐতিহ্যবাহী কৌশলে আচারের মূল স্বাদ অক্ষুণ্ণ রেখে তা দীর্ঘ দিন সংরক্ষণ করা যায়।
