আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে তিন ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
কাজাখস্তানে আয়োজিত ৩য় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশ দল তিনটি ব্রোঞ্জপদক পেয়েছে। ১০৭টি দেশের প্রতিযোগীদের হারিয়ে এই গৌরব অর্জন করে চার সদস্যের লাল-সবুজের প্রতিনিধি দল।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (আইওএআই ২০২৬) ৩টি ব্রোঞ্জপদক অর্জন করেছে বাংলাদেশ দল। শুক্রবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। বিশ্বের ১০৭টি দেশের ৪৩৭ জন প্রতিযোগী এই আয়োজনে অংশ নেন।
বাংলাদেশের বিজয়ী তিন শিক্ষার্থী হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের মো. সাইদুজ্জামান এবং নটর ডেম কলেজের মোবতাসিম চৌধুরী। দলের চতুর্থ সদস্য হিসেবে এতে অংশ নেন মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অনন্য যারিফ আকন্দ। গত ২ আগস্ট শুরু হওয়া এই আসরে ৪ ও ৬ আগস্ট দুটি একক মেশিন লার্নিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দলের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বি এম মইনুল হোসেন জানান, প্রথম আসরে কোনো পদক না থাকলেও চীনে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে দুটি ও এবার কাজাখস্তানে তিনটি ব্রোঞ্জ এসেছে। এই ধারাবাহিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতে আরও ভালো করার আশাবাদ ব্যক্ত করেন। পদকজয়ী সাইদুজ্জামান মনে করেন, তাদের এই সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশ নিতে উৎসাহিত করবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এপ্রিল মাস থেকে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় সিলেকশন ক্যাম্পের মাধ্যমে চার সদস্যের মূল দল চূড়ান্ত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রায় দুই মাসব্যাপী অনলাইন মেন্টরিং ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
