ইউজিসিতে পদোন্নতি নিয়ে বিশৃঙ্খলা, কর্মচারীকে প্রহারের অভিযোগ

বাংলাদেশ ১৬ অক্টোবর ২০২৬ ২৮৫০

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে নিয়মবহির্ভূত পদোন্নতির দাবি নিয়ে বাগবিতণ্ডার পর এক অফিস সহায়ককে গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে দুই কর্মকর্তার বিরুদ্ধে।

ইউজিসিতে পদোন্নতি নিয়ে বিশৃঙ্খলা, কর্মচারীকে প্রহারের অভিযোগ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পদোন্নতি সংক্রান্ত অনিয়মের দাবিকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সচিবের কক্ষে আলোচনার সময় কোনো সমাধান না পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দুজন কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরবর্তীতে এক কর্মচারীর ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত কর্মকর্তা দুজন হলেন সংস্থাটির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মহিবুল হাসান এবং সিনিয়র সহকারী পরিচালক মামুনুর রশিদ খান। প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, সচিব ড. মো. ফখরুল ইসলামের কক্ষে পদোন্নতির দাবির বিষয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সেখান থেকে সুরাহা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বেরিয়ে আসেন।

দপ্তর থেকে বের হয়েই তারা কমিশন সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেনের কার্যালয়ের অফিস সহায়ক রেজার ওপর ক্ষোভ উগরে দেন। তাদের বিরুদ্ধে রেজাকে অশালীন ভাষায় গালিগালাজ করা, রাজনৈতিক তকমা দেওয়া এবং প্রহার করার অভিযোগ পাওয়া গেছে। এই বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়লে কার্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত সেখানে জড়ো হন।

তবে প্রহারের অভিযোগটি অস্বীকার করেছেন অতিরিক্ত পরিচালক মহিবুল হাসান। তিনি দাবি করেন, মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। সচিবের রুম থেকে বের হওয়ার পর রেজাসহ তিনজন সেখানে অপেক্ষারত ছিলেন এবং তারা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তখন মামুন কেবল রেজাকে সরিয়ে দিয়েছিলেন। অন্যদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও সিনিয়র সহকারী পরিচালক মামুনুর রশিদ খান ফোন রিসিভ করেননি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন