ইসরায়েলের সহায়তায় ড্রোন ও নজরদারি প্রযুক্তি জোরদার করছে উগান্ডা

আন্তর্জাতিক ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৭০০

গাজায় সেনা মোতায়েনের প্রস্তুতির মধ্যেই ইসরায়েলের সহায়তায় উগান্ডার ড্রোন বহর ও সামরিক নজরদারি ব্যবস্থা শক্তিশালী করার তথ্য ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে উন্মোচিত হয়েছে।

ইসরায়েলের সহায়তায় ড্রোন ও নজরদারি প্রযুক্তি জোরদার করছে উগান্ডা

একটি প্রধান ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, উগান্ডার সামরিক ড্রোন ব্যবস্থা ও নজরদারি প্রযুক্তি শক্তিশালী করতে বছরের পর বছর ধরে সহায়তা দিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে গাজায় সৈন্য পাঠানোর বিষয়ে উগান্ডার আইনসভা গত মাসে সিদ্ধান্ত গ্রহণের পরপরই এই গোয়েন্দা তথ্য প্রকাশ্যে আসে।

প্রতিরক্ষা চুক্তি অনুসারে, ২০২৪ সালের মার্চে প্রায় ৫ কোটি ২১ লাখ মার্কিন ডলার মূল্যে চারটি হার্মিস ৯০০ ড্রোন, গ্রাউন্ড স্টেশন ও নজরদারি সরঞ্জাম ক্রয়ের সমঝোতা হয়। এসব আধুনিক অস্ত্র ও প্রযুক্তি উগান্ডার সামরিক গোয়েন্দা বিভাগ এবং বিশেষ বাহিনীর ব্যবহারের জন্য নির্ধারিত ছিল।

উগান্ডার ড্রোন কর্মসূচি বেশ আগের। ২০১৯ সালে প্রথমবার একটি সংস্কারকৃত হার্মিস ৪৫০ ব্যবস্থা দেওয়া হয় এবং পরবর্তী দুই বছরে আরও প্রযুক্তি হস্তান্তর করা হয়। এর পাশাপাশি ড্রোন বহরের যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়ন, আকাশে ঘোরাফেরা করে হামলা চালানো স্কাইস্ট্রাইকার অস্ত্র সরবরাহ এবং লিজার্ড ৩ ব্যবস্থার মাধ্যমে সাধারণ বোমাকে নিখুঁত নির্দেশিত অস্ত্রে রূপান্তরের পরীক্ষা চালানো হয়।

এ ছাড়া স্বয়ংক্রিয় উড্ডয়ন ও অবতরণ সুবিধা সংবলিত ড্রোন ঘাঁটি নির্মাণেও কারিগরি সহযোগিতা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডার সামরিক প্রতীক বহনকারী একটি হার্মিস ৯০০ ড্রোন বিধ্বস্ত হলে বিষয়টি জাতিসংঘের পর্যবেক্ষক প্রতিবেদনে উঠে আসে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন