ইসরায়েলে ইনটেল কারখানায় বিস্ফোরণে আহত ৩, বিষাক্ত রাসায়নিক ছড়ানোর শঙ্কা

বাংলাদেশ ১৫ অক্টোবর ২০২৬ ৪৭৩৭

ইসরায়েলের কিরিয়াত গাতে অবস্থিত ইনটেলের একটি সেমিকন্ডাক্টর কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় কারখানা এলাকাটিতে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

ইসরায়েলে ইনটেল কারখানায় বিস্ফোরণে আহত ৩, বিষাক্ত রাসায়নিক ছড়ানোর শঙ্কা

ইসরায়েলের কিরিয়াত গাত এলাকায় অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের চিপ নির্মাণ কারখানায় এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার পর সেখান থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জরুরি সেবা সংস্থার পক্ষ থেকে তিন ব্যক্তির গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট নয়।

দমকল ও উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, দুর্ঘটনার ফলে বিপজ্জনক রাসায়নিক নির্গত হয়ে থাকতে পারে এবং সেটির উৎস অনুসন্ধানে কাজ করছেন কর্মীরা। সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ব্যবহৃত নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড নামক গ্যাস থেকে এই ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বিপজ্জনক রাসায়নিক মোকাবিলায় দক্ষ বিশেষ দল ঘটনাস্থলে নিয়োজিত রয়েছে।

উদ্ধারকারীদের আটটি দল এবং পার্শ্ববর্তী কেন্দ্রগুলো থেকে আসা বিশেষায়িত ইউনিট দ্রুত কাজ শুরু করে কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের এই কেন্দ্রে ঘটে যাওয়া বিস্ফোরণ ও সম্ভাব্য রাসায়নিক ছড়ানোর পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন