উয়েফায় থাকাকালে পরকীয়া ও অর্থ প্রদানের অভিযোগ অস্বীকার করলেন ইনফান্তিনো
উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে কথিত প্রেমিকাকে অর্থ দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সংস্থাটি ওই নারীকে অর্থ পরিশোধের বিষয়টি স্বীকার করেছে।

ইউরোপীয় ফুটবলের প্রশাসনিক সংস্থা উয়েফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে এক নারীর সঙ্গে সম্পর্ক এবং তাকে মোটা অঙ্কের অর্থ পরিশোধের একটি দাবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তবে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিবাহিত ইনফান্তিনোর সঙ্গে এক নারীর বিশেষ সম্পর্ক ছিল বলে দাবি করা হয়। উক্ত কর্মী চাকরি ছাড়ার সময় তাকে উয়েফার পক্ষ থেকে ছয় অঙ্কের আর্থিক সুবিধা প্রদান করা হয়। সংশ্লিষ্ট সংস্থাটি অর্থ লেনদেনের কথা স্বীকার করে জানিয়েছে, তৎকালীন বিধিমালা মেনেই চাকরির মেয়াদ শেষে তাকে এই টাকা দেওয়া হয়েছিল, যার মধ্যে স্থানীয় একটি বিজনেস স্কুলে এমবিএ কোর্সের পড়াশোনার খরচও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে নিজেদের প্রশাসনিক নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে বলেও জানায় উয়েফা।
ইনফান্তিনোর পক্ষে ফিফার একজন মুখপাত্র জানান, উয়েফা বা ফিফায় দায়িত্ব পালনকালে কোনো কর্মীই তার বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ তোলেননি, কারণ বাস্তবে এমন কিছুই ঘটেনি। এই ধরনের ভিত্তিমূলহীন দাবিকে তিনি মানহানিকর বলে উল্লেখ করেন। উল্লেখ্য, বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ ব্যর্থ হওয়ার পর ফিফা প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর চাপ তৈরি হয়েছিল। ঠিক সেই সময়েই এই পুরোনো বিতর্কের কারণে তার ওপর নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হলো।
