একদিনে ৩ বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভা করবেন প্রধানমন্ত্রী
আগামী ২০ অক্টোবর একদিনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তিনি রাজশাহীতে একটি জনসভায় ভাষণ দেবেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর দেশের তিনটি বিভাগে সফরের পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে চড়ে তিনি প্রথমে সৈয়দপুরে যাবেন। সেখান থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) দর্শনে যাবেন তিনি। এরপর সৈয়দপুর থেকে বিমানযোগে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় সেখানকার ধর্মসভা মন্দির পরিদর্শনের পর তিনি রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন।
সংক্ষিপ্ত এই সফরের অংশ হিসেবে বেলা ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। সন্ধ্যায় রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনের পর চট্টগ্রাম সার্কিট হাউসে স্বল্প সময় অবস্থান করবেন এবং রাতেই বিমানে ঢাকায় ফিরে আসবেন।
প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন ও দুর্গাপূজা উদ্যাপন ঘিরে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সদরদফতরে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ওই সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সফর নির্বিঘ্ন রাখা, জননিরাপত্তা বিধান এবং মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ও আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
