চলচ্চিত্রাঙ্গনে ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

বিনোদন ১৭ আগস্ট ২০২৬ ৩০৩৫

অভিনয়জীবনে ৫১ বছর উদযাপন করেছেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রজনীকান্ত। নতুন চলচ্চিত্র ‘ধরমন’-এর সেটে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

চলচ্চিত্রাঙ্গনে ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ভারতীয় চলচ্চিত্র জগতে পা রাখার পাঁচ দশক অতিক্রম করলেন দক্ষিণের খ্যাতনামা অভিনেতা রজনীকান্ত। গত ১৫ আগস্ট অভিনয় জীবনের ৫১ বছর পূর্ণ হওয়ায় নিজের ১৭৩তম চলচ্চিত্র ‘ধরমন’-এর চিত্রগ্রহণের স্থানে কেক কেটে দিনটি উদযাপন করেন তিনি। এ সময় ছবির পরিচালক অশ্বথ মারিমুথুসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা সেখানে উপস্থিত ছিলেন।

কমল হাসান অভিনীত ‘অপূর্ব রাগাঙ্গাল’ ছবির মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রূপালি পর্দায় পা রাখেন রজনীকান্ত। ক্যারিয়ারের শুরুতে পার্শ্ব অভিনেতা ও খল চরিত্রে অভিনয় করলেও পরবর্তীকালে প্রধান নায়ক হিসেবে নিজের অবস্থান শক্ত করেন। ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত এই তারকা তামিল, তেলুগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষায় কাজ করেছেন। নিজস্ব অভিনয়শৈলী ও সংলাপ উপস্থাপনের ভঙ্গির কারণে পুরো ভারতীয় চলচ্চিত্র শিল্পেই তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন।

বর্তমানে রজনীকান্ত অশ্বথ মারিমুথুর পরিচালনায় ‘ধরমন’ সিনেমায় অভিনয় করছেন। রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল ও টারমেরিক মিডিয়ার ব্যানারে কমল হাসান ও আর মহেন্দ্রন এটি প্রযোজনা করছেন। এতে আরও অভিনয় করছেন সিমরান বাগ্গা, রাশি খান্না ও যোগী বাবু। পূর্বে ‘পেট্টা’ ছবিতে রজনীকান্তের সাথে কাজের পর এতে আবার তার সঙ্গে দেখা যাবে সিমরানকে। সিনেমাটির সুর ও আবহসংগীত করছেন অনিরুদ্ধ রবিচন্দর, চিত্রগ্রহণে নিখেত বোম্মিরেড্ডি, সম্পাদনায় প্রদীপ ই রাঘব এবং অ্যাকশন দৃশ্যে রয়েছেন অনবাড়িভ জুটি। বর্তমানে ছবিটির দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।

‘ধরমন’-এর পর নেলসন দিলীপ কুমারের পরিচালনায় অ্যাকশনধর্মী ‘জেলার ২’ চলচ্চিত্রে যুক্ত হবেন তিনি। সেখানে মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্যাহ ও সুরজ ভেঞ্জারামুডুর অভিনয় করার কথা রয়েছে। পাশাপাশি মোহনলাল, শিব রাজকুমার এবং হৃতিক রোশন এতে বিশেষ উপস্থিতি রাখতে পারেন বলে জানা গেছে। নির্মাতারা ২০২৬ সালের ১৫ অক্টোবর ছবিটি পেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন