ঠান্ডা হওয়া চা বারবার গরম করে পান করার স্বাস্থ্যঝুঁকি
চা তৈরি করার পর তা বারবার গরম করে পান করলে স্বাদ ও গন্ধ নষ্ট হওয়ার পাশাপাশি পুষ্টিগুণ কমে যায়। বিশেষ করে দুধ-চা দীর্ঘ সময় রেখে ফুটিয়ে খেলে হজমের সমস্যা ও পেটের সংক্রমণের আশঙ্কা বাড়ে।

বানানোর পরপরই টাটকা চা পান করা অত্যন্ত স্বাস্থ্যকর। তবে কর্মব্যস্ততা বা অলসতার কারণে ঠান্ডা হয়ে যাওয়া চা পুনরায় গরম করে পান করার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, বারবার ফুটানো চা পানের এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
চা প্রস্তুতের পর দীর্ঘ সময় রেখে আবার উত্তপ্ত করলে এর স্বাভাবিক রাসায়নিক গঠন বিগড়ে যায়। এতে চায়ের নিজস্ব সুবাস এবং পলিফেনল ও ক্যাটেচিনের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে পড়ে। ফলে চা থেকে যেসব স্বাস্থ্যকর উপাদান পাওয়ার কথা, সেগুলো আর অবশিষ্ট থাকে না। এছাড়া অতিরিক্ত তাপের কারণে ট্যানিনের স্বাদ কড়া হয়ে চা তিতা বা কষাটে হয়ে যায়।
দুধ-চায়ের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। দীর্ঘক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুধ-চায় দ্রুত জীবাণু বংশবৃদ্ধি করে। পরবর্তীতে তা পুনরায় ফুটালেও স্বাস্থ্যঝুঁকি পুরোপুরি দূর হয় না। গরমের দিনে এই ধরনের চা খেলে পেটের পীড়া, বমি, ডায়রিয়া বা খাদ্যবাহিত সংক্রমণের আশঙ্কা থাকে। পাশাপাশি যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, তাদের বুকজ্বালা ও অম্লতা বৃদ্ধি পেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, চা বানানোর ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই তা পান করা উচিত। বেশি পরিমাণে চা একবারে তৈরি করলে বারবার না ফুটিয়ে থার্মোস ফ্লাস্কে রাখা যেতে পারে। তবে স্বাস্থ্যের সুরক্ষায় সবসময় অল্প পরিমাণে তাজা চা তৈরি করে পান করাই শ্রেয়।
