থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ নিহত ৭, হামলাকারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ৭ আগস্ট ২০২৬ ৪৭৩৭

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ সাতজন নিহত হয়েছেন। পাঠদান চলাকালে ঘটা এ ঘটনায় শিক্ষক ও সহপাঠীদের হত্যার পর বন্দুকধারী শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করে।

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ নিহত ৭, হামলাকারীর আত্মহত্যা

থাইল্যান্ডের ব্যাংককের শহরতলির ননথাবুরি এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে পাঠদান চলাকালে দেবসিরিন ননথাবুরি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলা চালানোর পর ১৪ বছর বয়সী ওই অপরাধী শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছায়। ভিভিও ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে পাওয়া চিত্রে দেখা যায়, শ্রেণিকক্ষে আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে আনছেন নিরাপত্তাকর্মীরা। গুরুতর আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়ার জন্য বিদ্যালয়ের বাইরে একাধিক জরুরি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।

হামলার সময়কার ঘটনার বিবরণ দিয়ে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী জানান, প্রথমে বন্দুকের গুলির আওয়াজকে তিনি সাধারণ আতশবাজির শব্দ বলে ভুল করেছিলেন। পরবর্তীতে বিরতিহীনভাবে একাধিক গুলি চলার পর চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্য ভবনে লুকিয়ে থাকা শিক্ষার্থীরা জানান, নিরাপত্তা বাহিনী এসে তাদের নিরাপদে বের হওয়ার পথ তৈরি করে দেয়।

থাই রাজপরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বনামধন্য ডেবসিরিন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ২০২৫ শিক্ষাবর্ষে প্রায় ৩ হাজার ১০০ জন শিক্ষার্থী ও ১৪৭ জন শিক্ষক রয়েছেন। অতীতে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে দেশটির একাধিক সাবেক প্রধানমন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ তৈরি হয়েছেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেও দক্ষিণ থাইল্যান্ডের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছিল। নতুন করে সংঘটিত এই হামলায় থাইল্যান্ডে সাধারণ মানুষের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছানোর সহজলভ্যতা নিয়ে পুনরায় বড় ধরনের বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন