দুধে ভেজাল রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশ ১৫ অক্টোবর ২০২৬ ৪৭৭৪

পাবনায় আয়োজিত এক মতবিনিময় সভায় যুক্ত হয়ে দুধে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

দুধে ভেজাল রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

দুধে অসাধু উপায়ে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি ও চরম অন্যায্য কাজ হিসেবে আখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শিশুখাদ্যের মতো সংবেদনশীল পণ্যে ভেজাল দিয়ে শিশুদের শারীরিক ক্ষতি করা মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

বুধবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভেজাল দুগ্ধ রোধকল্পে খামারি, প্রক্রিয়াজাতকারী ও সরবরাহকারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচিতে অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের দুগ্ধ খাত এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনে পাবনা অঞ্চলের বিশেষ পরিচিতি ও অবদান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সেখানকার দুধ সরবরাহ প্রক্রিয়ায় অসদুপায় অবলম্বনের খবরে উদ্বেগ তৈরি হয়েছে। সামান্য কিছু অসৎ মানুষের স্বার্থপর কর্মকাণ্ডের কারণে একদিকে যেমন সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অন্যদিকে এই অঞ্চলের দীর্ঘদিনের সুনাম বিনষ্ট হচ্ছে।

তিনি জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি এবং ভেজালবিরোধী নিয়মিত অভিযান জোরদার করার নির্দেশ দেন। খামারি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণ—সবাই মিলে সমন্বিতভাবে এগিয়ে আসলে দুধে ভেজাল দেওয়া বন্ধ করা সম্ভব হবে বলে তিনি মত দেন।

এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব আতাউর রহমান খান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম এবং পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন