নায়ক জসিমের হাত ধরে যেভাবে চলচ্চিত্রে রিয়াজের আত্মপ্রকাশ
ঢালিউডের প্রয়াত অ্যাকশন তারকা জসিম শুধু নিজে সফল ছিলেন না, নতুন প্রতিভা আবিষ্কারেও রাখতেন বিশেষ মুন্সিয়ানা। তারকা অভিনেতা রিয়াজকে চলচ্চিত্রে নিয়ে আসার পেছনের গল্পটি তেমনই এক স্মরণীয় অধ্যায়।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আবুল খায়ের জসিম উদ্দিন ওরফে জসিম এক অবিস্মরণীয় নাম। সত্তরের দশকে খলনায়ক হিসেবে অভিনয়জীবন শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। অভিনয় দক্ষতার পাশাপাশি নতুন শিল্পী খুঁজে নেওয়ার অনন্য ক্ষমতা ছিল এই বীর মুক্তিযোদ্ধার।
১৯৯৪ সালে রিয়াজের রূপালী পর্দায় আসার সুযোগটি ঘটে আকস্মিকভাবে। বিমানবাহিনীর প্রশিক্ষণ শেষে চাকরি হারিয়ে ঢাকায় আসা রিয়াজ তার চাচাতো বোন ও খ্যাতনামা অভিনেত্রী ববিতার সাথে এফডিসিতে গিয়েছিলেন। সেখানেই জসিমের নজর কাড়েন এই তরুণ। অভিনয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও জসিমের দেওয়া প্রস্তাব ও ববিতার অনুপ্রেরণায় চলচ্চিত্রে পা বাড়ান রিয়াজ।
পরের বছর অর্থাৎ ১৯৯৫ সালে জসিম ও শাবানার সাথে 'বাংলার নায়ক' চলচ্চিত্রে মুন্না চরিত্রে অভিনয়ের সুযোগ পান রিয়াজ। এটিই ছিল তার প্রথম ছবি। শুধু অভিনয়ে সুযোগ দেওয়াই নয়, নিজের কাজের ফাঁকেও নবাগত রিয়াজকে ফাইট ও অভিনয়ের নানাবিধ কৌশল শেখাতেন জসিম। পরবর্তীতে রিয়াজ নিজেও স্মরণ করেন যে জসিমের কারণেই তিনি আজকের নায়ক হতে পেরেছেন।
১৯৪৫ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করা জসিম দুই দশকের ক্যারিয়ারে দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। 'দেবর', 'রংবাজ', 'দোস্ত দুশমন', 'সবুজ সাথী'র মতো জনপ্রিয় সিনেমার এই অ্যাকশন তারকা ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মরণে এফডিসির একটি ফ্লোর 'জসিম ফ্লোর' নামে নামকরণ করা হয়েছে।
