‘ফ্রোজেন ৩’-এর প্রথম ঝলক প্রকাশ, ২০২৭ সালের নভেম্বরে মুক্তি
ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রোজেন’-এর তৃতীয় পর্বের প্রথমাংশ সামনে এসেছে। আনা ও ক্রিস্টফের বিয়ে এবং নতুন খলনায়কের আগমন নিয়ে নির্মিত সিনেমাটি ২০২৭ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে।
জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রোজেন’-এর পরবর্তী কিস্তির প্রাথমিক টিজার জনসমক্ষে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি। ডি২৩ ফ্যান ইভেন্টে উন্মোচিত এই প্রথম ঝলকে দেখা যায়, গল্পে আনা ও ক্রিস্টফের রাজকীয় বিয়ের আয়োজনের আবহ তৈরি হয়েছে। তবে সেই আনন্দঘন মুহূর্ত স্থায়ী হওয়ার আগেই বরফে ঘেরা পাহাড়ি অঞ্চল থেকে এক রহস্যময় প্রতিপক্ষের আগমন ঘটে, যা মূল চরিত্র দুটির সামনে নতুন সংঘাত তৈরি করে।
ডিজনির এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনার কণ্ঠশিল্পী ক্রিস্টেন বেল এবং এলসার কণ্ঠদাতা ইদিনা মেনজেল। সেখানে বেল জানান, দুই বোন এবার তাদের জীবনের সবচেয়ে বড় অভিযানের মুখোমুখি হতে যাচ্ছে। এছাড়া তুষারমানব ওলাফের চরিত্রে জশ গ্যাড এবং ক্রিস্টফের ভূমিকায় জোনাথন গ্রফ আবারও কণ্ঠ দিয়েছেন। গল্পে ওলাফের জীবনেও ভালোবাসার অনুভূতির আগমন ঘটতে চলেছে।
পূর্বে সিনেমাটি ২০২৬ সালে পর্দায় আনার পরিকল্পনা থাকলেও এক বছর পিছিয়ে ২০২৭ সালের ২৪ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। কণ্ঠশিল্পী জশ গ্যাডের মতে, কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে তাড়াহুড়ো না করে আগের কিস্তিগুলোর গল্পের মান ধরে রাখতেই নির্মাাতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম ছবি বিশ্বজুড়ে প্রায় ১২৮ কোটি ডলার এবং ২০১৯ সালের দ্বিতীয় পর্বটি প্রায় ১৪৫ কোটি ডলার আয় করেছিল। সেই বিপুল সাফল্যের কারণেই নতুন কিস্তি ঘিরে বিশ্বজুড়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।
