বক্স অফিসে ‘আওয়ারাপন ২’-এর ঝড়, ৩ দিনে আয় ১১০ কোটি

বিনোদন ১৭ আগস্ট ২০২৬ ৪৬২৬

ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ সিনেমাটি বিশ্বজুড়ে ৩ দিনেই ১১০ কোটি ১০ লাখ রুপি গ্রস আয় করেছে। একইসঙ্গে ছবিটির তৃতীয় পর্ব আসার স্পষ্ট বার্তা দিয়েছেন এই অভিনেতা।

বক্স অফিসে ‘আওয়ারাপন ২’-এর ঝড়, ৩ দিনে আয় ১১০ কোটি

পুরোনো স্মৃতিকাতরতা ও ইমরান হাশমির জনপ্রিয়তার ওপর ভর করে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সিনেমা ‘আওয়ারাপন ২’। ভারতে প্রকাশের প্রথম তিন দিনেই ছবিটি ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট ও ৯৮ কোটি ১০ লাখ রুপি গ্রস ব্যবসা করেছে। আন্তর্জাতিক বাজারে প্রাপ্ত আয় যোগ হয়ে বিশ্বব্যাপী এর মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি গ্রসে।

ভারতের স্বাধীনতা দিবসে ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করে বক্স অফিসে শীর্ষে ছিল সিনেমাটি। সেদিন অন্য সিনেমাগুলোর মধ্যে ‘তামিল বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ২৬ কোটি, ‘বাটওয়ারা ১৯৪৭’ ১৬ কোটি ২০ লাখ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ১২ কোটি রুপি ব্যবসা করে। তবে রোববার (১৬ আগস্ট) ৯ হাজার ৪০৩টি প্রদর্শনী থেকে ‘আওয়ারাপন ২’-এর ভারতীয় আয় কিছুটা কমে ২৬ কোটি রুপি হয়। এদিন দেশের বাইরে থেকে আসে প্রায় ৪ কোটি রুপি।

এই ফ্র্যাঞ্চাইজির ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিটি ভারতে মোট ৭ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছিল, যা সিক্যুয়েলটি মুক্তির প্রথম দিনেই অতিক্রম করে। এছাড়া শনিবার নাগাদ ইমরান হাশমির একক প্রধান চরিত্র হিসেবে সফল সিনেমা ‘হক’ (২০ কোটি), ‘রাজ ২’ (২৫ কোটি ৫০ লাখ), ‘এক থি ডায়ান’ (২৬ কোটি) ও ‘জান্নাত’ (৩০ কোটি)-এর মোট আয়কেও ছাড়িয়ে যায় ছবিটি। ফলে একক নায়ক হিসেবে এটি ইমরানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় চূড়ায় ওঠার পথে রয়েছে।

বিশেষ ফিল্মসের ব্যানার ও বিশেষ ভাটের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। এই চলচ্চিত্রে ইমরানের সঙ্গে দিশা পাটানি ও শাবানা আজমি অভিনয় করেছেন। ২০০৭ সালের প্রথম পর্বটি শুরুতে সুবিধা করতে না পারলেও সময়ের সঙ্গে কাল্ট রূপ নেয়। এবার সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দর্শকরা ইমরানের অভিনয় ও পর্দার উপস্থিতির প্রশংসা করছেন। মুম্বাইয়ের এক প্রদর্শনীতে শিবম পণ্ডিত চরিত্রে ফেরা ইমরান হাশমি সহ-অভিনেত্রী দিশা পাটানিকে নিয়ে উপস্থিত হয়ে জানান, ভক্তদের ভালোবাসার কারণেই তাঁদের এই ফেরা। একই সঙ্গে খুব দ্রুতই ‘আওয়ারাপন ৩’ নিয়ে আসার আশাবাদ প্রকাশ করেন তিনি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন