‘বিগ ব্রাদার’ থেকে ‘বিগ বস’: নামকরণের পেছনের অজানা ইতিহাস
ডাচ রিয়্যালিটি শো ‘বিগ ব্রাদার’-এর ওপর ভিত্তি করে ভারতে শুরু হওয়া ‘বিগ বস’ অনুষ্ঠানের নামকরণে সহজ উচ্চারণ ও সংখ্যাতত্ত্বকে গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটি ভারতীয় বিনোদনের অন্যতম পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়।
নেদারল্যান্ডসের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ ব্রাদার’-এর ধাঁচে ভারতে তৈরি করা হয়েছিল রিয়্যালিটি শো ‘বিগ বস’। নির্দিষ্ট একটি বাড়িতে প্রতিযোগীদের বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাখা, সারাক্ষণ ক্যামেরাবন্দী থাকা এবং ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচনের কৌশলটি মূলত ডাচ অনুষ্ঠানটি থেকেই এসেছে। তবে ভারতীয় সংস্করণ চালুর সময় নির্মাতারা বিদেশি শব্দটি সরাসরি ব্যবহারের বদলে দেশীয় দর্শকদের পছন্দ ও উচ্চারণের সুবিধার কথা বিবেচনা করেন।
এন্ডেমেল শিন্ডে ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা দীপক ধর জানান, শোয়ের ভাবমূর্তি ও সহজ উচ্চারণের পাশাপাশি নামকরণের প্রক্রিয়ায় সংখ্যাতত্ত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছিল। অক্ষরের সংখ্যাগত মান এবং পরিকল্পিত বিপণন কৌশলের অংশ হিসেবেই ‘বিগ ব্রাদার’ নামটি বদলে ‘বিগ বস’ রাখা হয়।
২০০৬ সালে হিন্দি ভাষায় প্রথম যখন এই আসর শুরু হয়, তখন সঞ্চালনার দায়িত্বে ছিলেন আরশাদ ওয়ারসি। দ্বিতীয় ও তৃতীয় মৌসুমে যথাক্রমে শিল্পা শেঠি এবং অমিতাভ বচ্চন উপস্থাপনা করেন। পরবর্তীতে চতুর্থ আসর থেকে সালমান খান সঞ্চালক হিসেবে যোগ দেন, যার দীর্ঘদিনের উপস্থাপনা অনুষ্ঠানটিকে ভারতীয় টেলিভিশনে এক নতুন পরিচিতি এনে দিয়েছে।
