বয়স ৫২ পেরিয়েও কাজলের সতেজতা ও সৌন্দর্যের আসল রহস্য
বায়ান্ন বছর বয়সেও সৌন্দর্য ও লাবণ্য ধরে রেখেছেন বলিউড তারকা কাজল। ব্যয়বহুল প্রসাধনী নয়, বরং নিয়মমাফিক জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস ও সহজ ত্বকের পরিচর্যাকেই নিজের ফিটনেসের মূল চাবিকাঠি বলে জানান তিনি।

পর্দায় আগের মতো নিয়মিত দেখা না গেলেও বলিউড অভিনেত্রী কাজল আজও সমানভাবে জনপ্রিয়। 'বাজিগর', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েংগে', 'কুছ কুছ হোতা হ্যায়' ও 'কাভি খুশি কাভি গাম'-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করা ৫২ বছর বয়সী এই তারকা এখন বেছে বেছে সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন। পারিবারিক জীবন ও দুই সন্তানের দেখাশোনার পাশাপাশি নিজের আকর্ষণীয় ব্যক্তিত্ব ও লাবণ্য বজায় রেখেছেন তিনি।
সৌন্দর্য ও শারীরিক সুস্থতার বিষয়ে কাজল জানান, দামি প্রসাধনীর চেয়ে নিয়মিত যত্ন, সুষম খাবার ও নিয়মমাফিক জীবনযাপনই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। ত্বক ভালো রাখতে কোনো জটিল পদ্ধতির প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। ত্বক পরিচ্ছন্ন রাখা ও আর্দ্রতা ধরে রাখাই প্রধান বিষয়। তাই মেকআপের পর তা ভালোভাবে পরিষ্কার করা এবং প্রচুর পানি পান করা তাঁর দৈনন্দিন অভ্যাসের অংশ।
প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করেন এই অভিনেত্রী। কেবল বাহ্যিক যত্ন নয়, খাদ্যাভ্যাসে সচেতন থেকে শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যের দিকেও নজর দেন তিনি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুস্বাস্থ্যের জন্য অলৌকিক কোনো সমাধান নেই। পর্যাপ্ত পানি পান, সুষম ডায়েট ও স্বাস্থ্যকর অভ্যাসই দীর্ঘদিন সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে।
