ভারতে স্বাধীনতা দিবসের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে শ্রীলেখার কটাক্ষ

বিনোদন ১৬ আগস্ট ২০২৬ ২৮১৩

কলকাতায় ভারতের স্বাধীনতা দিবসের পদযাত্রায় জয়া আহসানের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে তোপ দেগেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

ভারতে স্বাধীনতা দিবসের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে শ্রীলেখার কটাক্ষ

ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক নৈশ পদযাত্রায় অংশ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন ঢালিউড ও টলিউডের পরিচিত মুখ জয়া আহসান। ১৫ আগস্টের প্রাক্কালে কলকাতার রাজপথে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অন্যান্য জ্যেষ্ঠ শিল্পী যেমন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল ও ইন্দ্রাণী হালদারের পাশাপাশি বাংলাদেশি এই অভিনেত্রীও পা মেলান।

মূলত নারীদের স্বাধীনতা, সুরক্ষা ও সমঅধিকারের দাবি নিয়ে আয়োজিত এই পদযাত্রায় মন্ত্রী অগ্নিমিত্রা পালের আমন্ত্রণে যোগ দেন জয়া। এজন্য তিনি ঢাকায় ফেরার বিমান বাতিল করে সহশিল্পীদের সঙ্গে দেশাত্মবোধক গানেও কণ্ঠ মেলান। তবে ওপার বাংলার রাজপথে তাঁর এমন উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক ও খোঁচা দেওয়া শুরু হয়।

জয়ার এই অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুকে পোস্ট শেয়ার করে তিনি জানতে চান যে জয়া কবে থেকে ভারতীয় হলেন। ব্যঙ্গাত্মক সুরে তিনি মন্তব্য করেন, অভিনেত্রীকে যেন ভারতীয় সনাতনী এবং নেতাজির পূর্বপুরুষ বানিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাসলিমা নাসরিনের উদাহরণ টেনে জন্মভূমির প্রেক্ষাপটে দেশদ্রোহিতার প্রসঙ্গও তুলেন তিনি।

সেই পোস্টের মন্তব্য বাক্সে এক নেটিজেন জয়াকে নিয়ে অবমাননাকর প্রশ্ন করলে শ্রীলেখাও তাতে সম্মতি জানান। যদিও পুরো বিতর্ক প্রসঙ্গে জয়া আহসান এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন