মস্তিষ্কের অজান্তে বিভ্রান্তি তৈরির ছয়টি সাধারণ মনস্তাত্ত্বিক কৌশল
মানুষের মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে নানা মানসিক কৌশল প্রয়োগ করায় প্রায়ই ভুল ধারণার সৃষ্টি হয়। তবে এসব মনস্তাত্ত্বিক পক্ষপাত সম্পর্কে জানা থাকলে বাস্তবভিত্তিক ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

আমাদের মস্তিষ্ক অত্যন্ত শক্তিশালী হলেও সবসময় নিরপেক্ষ থাকে না। তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্য বিশ্লেষণের সুবিধার্থে মানুষ বিভিন্ন ধরণের মানসিক সংক্ষেপ বা ‘কগনিটিভ বায়াস’ প্রয়োগ করে থাকে। এসব প্রক্রিয়ার মাধ্যমে সময় বাঁচলেও অনেক ক্ষেত্রেই বাস্তব পরিস্থিতি উপলব্ধি এবং অন্যকে মূল্যায়নে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এতে কোনো অযৌক্তিক বিষয়কেও সত্য মনে হতে পারে। বিশেষজ্ঞদের অভিমত, এই ধরণের পক্ষপাত সম্পর্কে সচেতন হলে ভুল সিদ্ধান্তের ঝুঁকি অনেকখানি কমানো যায়।
১. কনফার্মেশন বায়াস: সাধারণত ব্যক্তি নিজের বিদ্যমান বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্য গ্রহণে বেশি আগ্রহী হন এবং বিপরীত প্রমাণগুলোকে এড়িয়ে চলেন। ফলে সত্য উদ্ঘাটনের চেয়ে নিজের ধারণাকে সঠিক প্রমাণ করাটাই মুখ্য হয়ে ওঠে। উন্মুক্ত দৃষ্টিভঙ্গি চর্চার মাধ্যমে এ বিভ্রান্তি কাটানো সম্ভব।
২. হালো ইফেক্ট: মানুষের কোনো একটি ইতিবাচক দিক দেখে তার পুরো চরিত্র বা দক্ষতাকে ভালো মনে করার প্রবণতাই হলো হালো ইফেক্ট। যেমন—সুদর্শন বা মার্জিত পোশাকের কাউকে সরাসরি সৎ বা যোগ্য ধরে নেওয়া হলেও এর স্বপক্ষে কোনো জোরালো প্রমাণ নাও থাকতে পারে।
৩. ইমোশনাল রিজনিং: অনুভূতির প্রভাবে বাস্তবতা সম্পর্কে ভুল ধারণা জন্মাতে পারে। মনে আতঙ্ক থাকলে পরিবেশকে বিপদসংকূল ভাবা কিংবা নিজেকে ব্যর্থ মনে করে সত্যি নিজেকে অযোগ্য ভাবার প্রবণতা তৈরি হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ ও সঠিক তথ্যকে পৃথক করা প্রয়োজন।
৪. সাঙ্ক কস্ট ফ্যালাসি: অতীতে প্রচুর সময়, শ্রম কিংবা অর্থ ব্যয় হয়েছে—শুধুমাত্র এই যুক্তিতে অনেকে অনুপযোগী চাকরি, ব্যর্থ সম্পর্ক বা লোকসানি প্রকল্প ধরে রাখেন। মনোবিজ্ঞানের ভাষায় একে অফেরতযোগ্য বিনিয়োগজনিত ভুল বলা হয়। এতে অতীতের অপচয় হওয়া সম্পদকে ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গে মিলিয়ে ফেলা হয়, যা পরিবর্তন করা অসম্ভব। তাই সিদ্ধান্ত গ্রহণের সময় আগের ক্ষতির চেয়ে ভবিষ্যতের লাভজনক পথকে প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের কাজ।
৬. স্পটলাইট ইফেক্ট: অনেকেই ধারণা করেন যে চারপাশের সবাই অনবরত তাদের খামতি, চেহারা বা ভুলত্রুটি পর্যবেক্ষণ করছে। প্রকৃতপক্ষে অধিকাংশ মানুষই নিজের দৈনন্দিন ঝুটঝামেলা নিয়ে ব্যস্ত থাকেন। এ জাতীয় অমূলক ভাবনা থেকে বের হয়ে আসতে পারলে অপ্রয়োজনীয় উদ্বেগ কমে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
মনোবিজ্ঞানীদের মতে, এসব মনস্তাত্ত্বিক প্রবণতা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়াকলাপের অংশ। এ বিষয়গুলো জানা থাকলে দৈনন্দিন জীবনে বাস্তবতাকে আরও সঠিক ও সুষমভাবে মূল্যায়ন করে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
