রাসেল ক্রোর সঙ্গে নতুন হলিউড ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া
অস্কারজয়ী তারকা রাসেল ক্রোর সঙ্গে সায়েন্স ফিকশন থ্রিলার 'ব্লুফ্লাই'-এ অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিমরোদ আন্তালের পরিচালনায় ছবিটির শুটিং শিগগিরই অস্ট্রেলিয়ায় শুরু হবে।

আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। অস্কারবিজেতা প্রখ্যাত অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো একটি হলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। 'ব্লুফ্লাই' নামের এই সায়েন্স ফিকশন থ্রিলার ছবিটি পরিচালনা করবেন 'প্রিডেটরস' খ্যাত নির্মাতা নিমরোদ আন্তাল।
আফ্রিকার কঙ্গোকে ঘিরে সিনেমাটির মূল গল্প সাজানো হয়েছে। জাতিসংঘের একজন দোভাষীকে সঙ্গে নিয়ে একটি বিশেষ সামরিক বাহিনী গহীন অরণ্যে যাবে গোপন এক মিশনে। সেখানে অননুমোদিত ও প্রাতিষ্ঠানিকভাবে অস্বীকৃত একটি বিধ্বস্ত বিমানের খোঁজে মিলিশিয়াদের আস্তানা পেরিয়ে নদীপথে যাত্রা করবে দলটি। তবে গন্তব্যে পৌঁছানোর পর উদ্ধার অভিযানের আড়ালে এক ভয়াবহ রহস্য ও আতঙ্কের মুখোমুখি হতে হবে তাদের।
পরিচালক আন্তালের মতে, উত্তেজনা ও অজানার ভয় নিয়ে নির্মিত এই ছবিটি হবে একটি শক্তিশালী চরিত্রভিত্তিক বিজ্ঞান কল্পকাহিনি। ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। আগামী কয়েক মাসের মধ্যেই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে নতুন এই কাজের খবরটি ভক্তদের নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজেই। তবে তিনি ও রাসেল ক্রো কোন ধরনের চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে বিস্তারিত বা অন্য শিল্পীদের নাম এখনো প্রকাশ্যে আনা হয়নি।
