শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ডের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু ১৮ অক্টোবর

বাংলাদেশ ১৬ অক্টোবর ২০২৬ ২৯৬১

পাকিস্তানে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চোটের কারণে নিশাঙ্কা ও অফফর্মের জন্য আসালাঙ্কা দল থেকে বাদ পড়েছেন।

শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ডের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু ১৮ অক্টোবর

পাকিস্তানে বসতে যাচ্ছে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা। ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সম্প্রতি ইংল্যান্ড সফরে পেশির চোট পাওয়ায় চিকিৎসকের সবুজ সংকেত পাননি লঙ্কান উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা। ফলে এই টুর্নামেন্ট থেকে তিনি ছিটকে গেছেন এবং তার জায়গায় ১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন লাহিরু উদারা।

একই সঙ্গে লঙ্কানদের দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স না করায় নির্বাচকরা তাকে বাইরে রেখেছেন। ৮৮টি একদিনের ম্যাচে ৪০.৫৫ গড়ে রান করা আসালাঙ্কা নিজের শেষ তিন ইনিংসে করেন যথাক্রমে ১, ১১ ও ৭ রান।

সূচি অনুসারে, ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে স্বাগতিক পাকিস্তান। একই মাঠে ২০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা এবং ২২ অক্টোবর শ্রীলঙ্কা লড়াই করবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে লাহোরে; যেখানে ২৫ অক্টোবর পাকিস্তান-ইংল্যান্ড, ২৭ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা এবং ২৯ অক্টোবর শ্রীলঙ্কা-ইংল্যান্ড মুখোমুখি হবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেতাব জয়ের চূড়ান্ত লড়াইয়ে নামবে।

শ্রীলঙ্কার ১৬ সদস্যের দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), লাহিরু উদারা, অ্যাভিশকা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্ননায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, সচিন্দু কলম্বাগে, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও এশান মালিঙ্গা।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন