শিশুদের সুরক্ষায় ব্যর্থতায় মেটাকে রেকর্ড ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আদালত শিশুদের নিরাপত্তা দিতে না পারায় মেটাকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছেন। এতে প্রতিষ্ঠানটির মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ কোটি ২০ লাখ ডলারে।

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের শীর্ষ প্রতিষ্ঠান মেটাকে অতিরিক্ত ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি বিচারালয়। শিশুদের সুরক্ষাসংক্রান্ত মামলায় মেটার বিরুদ্ধে এটি এযাবৎকালের সর্ববৃহৎ আর্থিক শাস্তি।
বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বিচারক ব্রায়ান বিডশেইড উল্লেখ করেন, মেটার কার্যক্রম পরিবেশদূষণের মতোই সমাজের জন্য একটি মারাত্মক উপদ্রব হিসেবে দেখা দিয়েছে। জরিমানার অর্থ শিশুদের ক্ষতি কমানোর লক্ষ্যে একটি বিশেষ তহবিলে জমা রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে এ মামলায় কোম্পানিটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সব মিলিয়ে মেটাকে এখন মোট ৯৪ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করতে হবে।
তবে রায়টি মেনে নেয়নি মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র আপিল করার কথা জানিয়ে দাবি করেন, তারা তাদের মাধ্যমগুলোকে নিরাপদ রাখতে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করছেন এবং অপপ্রচার ও ক্ষতিকর কনটেন্ট অপসারণে কার্যকর ভূমিকা রাখছেন।
২০২৩ সালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর মামলাটি করে। তাদের অভিযোগ ছিল, ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগরিদম অপ্রাপ্তবয়স্কদের কুরুচিপূর্ণ উপাদান ও যৌন অপরাধীদের মুখোমুখি করছে। বিচার প্রক্রিয়ার প্রথম ধাপে আদালত মেটাকে অসাধু ব্যবসায়িক নীতি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করেন। আদালতের মতে, সুপারিশভিত্তিক অ্যালগরিদম ছোটদের বিপজ্জনক কনটেন্টের দিকে ধাবিত করেছে।
পরবর্তী ধাপে বিচারক জানান, মেটার এসব কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও জননিরাপত্তার ওপর বড় হুমকি তৈরি করেছে। নির্ধারিত জরিমানার ৪২ কোটি ডলার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসা ও সহায়তায় ব্যয় করা হবে। বাকি অর্থ মানসিক স্বাস্থ্যসেবা, থেরাপি, পুনর্বাসন এবং শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে কাজে লাগানো হবে।
অর্থদণ্ডের পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের রক্ষায় মেটাকে বেশ কিছু বাধ্যবাধকতা মেনে চলার তাগিদ দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছে আঠারো বছরের কম বয়সীদের আইডি কোনো প্রাপ্তবয়স্কের কাছে সুপারিশ না করা, বড়দের থেকে ছোটদের সরাসরি বার্তা পাঠানো বন্ধ রাখা, অপ্রাপ্তবয়স্কদের মধ্যে আপত্তিকর ছবি আদান-প্রদান রোধ করা এবং শিশু শোষণে যুক্তদের বিরুদ্ধে এক ভুলেই কঠোর ব্যবস্থা নেওয়া। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য লাইক সংখ্যা গোপন রাখা, নির্দিষ্ট কিছু সময়ে নোটিফিকেশন বন্ধ রাখা এবং উভয় প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্কদের মাসিক ব্যবহারসীমা সর্বোচ্চ ৯০ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
