সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমনিকে আইনি নোটিস

বাংলাদেশ ৮ নভেম্বর ২০২৬ ৩০৩৫

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে লাঞ্ছনা, হত্যার হুমকি ও সামাজিক মাধ্যমে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে অভিনেত্রী পরীমনিকে আইনি নোটিস পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমনিকে আইনি নোটিস

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে লাঞ্ছিত ও হুমকি প্রদানসহ সামাজিক মাধ্যমে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার সম্প্রতি ডাকযোগে এই নোটিস পাঠান। পরীমনির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীকেও এই বার্তা দেওয়া হয়।

আইনি নোটিসে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের একটি মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি হয়। তখন পরীমনি এক মাল্টিমিডিয়া প্রতিবেদকের মুঠোফোন কেড়ে নেন এবং তার কর্মীরা ট্রাইপড ভেঙে ফেলেন। এতে চারজন সাংবাদিক এবং সুজন চন্দ্র মণি নামের এক বিচারপ্রার্থী আহত হন।

অভিযোগে আরও বলা হয়, পরীমনি আদালত থেকে বের হয়ে সংশ্লিষ্ট সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে তাকে পিয়ে মেরে ফেলার হুমকি দেন। এর পরদিন তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আপত্তিজনক বক্তব্যের সঙ্গে জাতীয় সংগীত যুক্ত করে একটি পোস্ট করেন, যা সংবিধান ও জাতীয় সংগীত সম্পর্কিত আইনের স্পষ্ট লঙ্ঘন।

নোটিসে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সাথে চলচ্চিত্র শিল্পী সমিতিকে তার বিরুদ্ধে শোকজ করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আইনজীবী জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন