হাসপাতালে অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি
জন্মের পরপরই হাসপাতালে নার্সের ভুলে অন্য এক দম্পতির কাছে চলে গিয়েছিলেন চিত্রনায়িকা রানি মুখার্জি। মায়ের তাৎক্ষণিক সতর্কতায় দ্রুতই তাকে নিজের পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়।

বলিউডের সফল ও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি বিবাহিত জীবনেও অত্যন্ত সুখী। ২০১৪ সালে ইতালিতে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করার পর ২০১৫ সালে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আদিরা। কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা অর্জনের পাশাপাশি রানি মুখার্জির জন্মকালীন এক অদ্ভুত ঘটনা ভক্তদের কাছে বেশ পরিচিত।
১৯৭৮ সালের ২১ মার্চ চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জি দম্পতির ঘরে জন্ম নেন রানি। সে সময় হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত এক নার্সের ভুলেই ঘটে বিপত্তি। নবজাতক রানিকে একটি পাঞ্জাবি পরিবারের সদ্যোজাত সন্তানের সঙ্গে অদলবদল করে ফেলা হয়েছিল।
তবে শিশুটিকে কোলে নেওয়ার পর পরই রানির মায়ের মনে সন্দেহ জাগে। শিশুর চোখের মণির ভিন্ন রঙ দেখে তিনি বুঝতে পারেন যে এটি তার সন্তান নয়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান এবং নিজের সন্তানকে খুঁজে দেওয়ার জন্য তাগিদ দেন।
পরবর্তী সময়ে পুরো হাসপাতালে অনুসন্ধান চালিয়ে পাঞ্জাবি দম্পতির ঘর থেকে রানিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অন্য শিশুটিকেও তার আসল পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শৈশবের এই ঘটনা নিয়ে পরবর্তীতে মুখার্জি পরিবারে প্রায়ই হাসাহাসি হতো। রসিকতা করে স্বজনেরা বলতেন, রানি মূলত পাঞ্জাবি ঘরের সন্তান, ভুল করে মুখার্জি পরিবারে বেড়ে উঠেছেন।
