আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক উন্নয়ন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অন্তর্বর্তী মেয়াদে ঘটে যাওয়া প্রতিটি অপরাধের আসামিদের পুলিশ সফলভাবে আইনের আওতায় এনেছে বলে তিনি দাবি করেন।

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী বিশৃঙ্খল প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার পর জনগণের উচ্চাশাকে মাথায় রেখে কাজ করছে বর্তমান সরকার। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক করা এবং তাদের মানসিক শক্তি ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে।
গত ছয় মাসের কার্যক্রম উল্লেখ করে তিনি দাবি করেন, এ সময়ের মধ্যে ঘটে যাওয়া কোনো অপরাধের আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ ব্যর্থ হয়নি। রংপুরের ঘটনা সহ বিভিন্ন আলোচিত অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারপ্রক্রিয়া বেগবান করতে সব ধরনের সহায়তা করা হয়েছে। দুর্বল অবস্থায় থাকা পুলিশ বাহিনী বর্তমানে পূর্ণ উদ্যমে কাজ করছে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে রাতারাতি অলৌকিক কোনো পরিবর্তন আশা করা ঠিক হবে না। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় জনপ্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। পুলিশ বাহিনীকে জনগণের আস্থাভাজন হিসেবে গড়ে তোলার পাশাপাশি অন্যান্য বাহিনীর আইনি কাঠামোয় বদল এনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভালো কাজের জন্য পুরস্কৃত করার নীতি গ্রহণের পাশাপাশি অপরাধ দমনে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রার্থনা করেন।
