আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান

কমিউনিটি নিউজ ১৩ অক্টোবর ২০২৬ ৪৭৭৪

সংযুক্ত আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান

সংযুক্ত আরব আমিরাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দেশীয় সংস্কৃতি চর্চা ও প্রবাসীদের কল্যাণে কাজ করা সংগঠন 'বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই'-এর নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। একই আয়োজনে গুণীজনদের 'বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' প্রদানসহ একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

গত রোববার (১১ অক্টোবর) দুবাই প্রেস ক্লাবের আজীবন সদস্য ও নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহীন ও সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী, সংবাদকর্মী ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব অংশ নেন। দুই দেশের জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নতুন সদস্যদের শপথ পাঠ করান প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল ছালাম তালুকদার।

ভার্চুয়ালি যোগ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রবাসের মাটিতে নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা এবং দেশীয় সংস্কৃতি ও প্রবাসীদের সহায়তায় কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি দুবাই পুলিশের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রধান ওমর আফলাতুন সংযুক্ত আরব আমিরাতের সাইবার অপরাধ ও সম্পর্কিত আইন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রবাসীদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং জানান যে প্রবাসীরা সরাসরি পুলিশের দ্বারে পৌঁছাতে না পারলে প্রেস ক্লাবের মাধ্যমেও নিজেদের সমস্যা ও তথ্য জানাতে পারেন।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ। সমাপনী বক্তব্যে সভাপতি মামুনুর রশীদ আজমান, আবুধাবি, ফুজাইরাহ, আল আইন ও রাস আল খাইমাহসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সামাজিক মাধ্যমে যেকোনো ধরনের বিতর্ক এড়িয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রেমিট্যান্স, প্রকৌশল, শিক্ষা, বাণিজ্য, রিয়েল এস্টেট ও সমাজসেবাসহ নানা খাত এবং নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সফল উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে 'বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হয়। সবশেষে শিল্পী লুৎফুর রশীদ রাসেল, সামিদা চৌধুরী পপি, ইস্তিয়াক আসিফ ও সায়েম মোহাম্মদের অংশগ্রহণে এক মনোরম সাংস্কৃতিক পরিবেশনার পর শিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন